বিশ্বকাপ ঈদ উত্সবকে আরও বাড়িয়ে দিয়েছে

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২০:৫৮
সামনে ঈদ। এ সময় তারকাদের ব্যস্ততা সীমাহীন। তবে এবারের ঈদের এই ব্যস্ততার মধ্যেও তারকারা উপভোগ করছেন ফুটবল বিশ্বকাপ। সেই তারকাদেরই একজন নাদিয়া। নিজের বিশ্বকাপ উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখতে দেখতে বিশ্বকাপের আসরের বিদায়ের সময় চলে এসেছে। সবাই ধীরে ধীরে নিস্তেজ। তবে আমার মাঝে এখনও ভিন্ন উন্মাদনা। কারণ আমার প্রিয় দল আর্জেন্টিনা এবার ফাইনালে। পুরো আসরজুড়েই আমার খেলা দেখার আয়োজনের কোনো কমতি ছিল না। মজার কথা হচ্ছে আর্জেন্টিনার পরই আমি জার্মানির সমর্থক। আর দুই দলই এবার ফাইনালে। তবে প্রথম পছন্দটাকেই এগিয়ে রাখব। প্রথম থেকেই একটা বিশ্বাস ছিল আর্জেন্টিনা ফাইনালে যাবে। বিশ্বাস আসলেই যে সত্যি হবে ভাবিনি।’ এরপর তার কাছে জানতে চাওয়া হয়েছিল খেলা আর শুটিং—কীভাবে ম্যানেজ করছেন? উত্তরে তিনি বলেন, ‘খেলা চলাকালীন সময়ে শুটিংস্পটের চিত্রটাই পাল্টে যায়। সেটে সবাই কাজ ছেড়ে খেলায় মশগুল। যে যার দল নিয়ে চলে থাকে চাপার জোর। খেলা শেষের দিকে যখন তখন সামনে ঈদ তাই ব্যস্ততাও এখন একটু বেশি। তবে ফাইনাল তো এবার হবে জমকালো।’ সবশেষে ঈদের ব্যস্ততা নিয়েও কথা বললেন তিনি। তার ভাষ্যে, ‘এবার ঈদে বাংলাভিশনে ‘আকাশ ভরা সূর্য তারা’ নৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছি। সারা বছর নাচটা তেমন করা হয় না। তাই ঈদের সময়টা সেই সুযোগ পেয়ে ভালোই লাগে। এছাড়াও ঈদের নাটক নিয়ে এখন ব্যস্ত সময় চলছে। এই ঈদে প্রায় ডজন খানিক নাটকে দেখা যাবে তাকে। এছাড়াও বেশ কয়েকটি ধারাবাহিকের কাজ চলছে, এর মধ্যে ‘চোরকাঁটা’, ‘অলসপুর’, ‘মামলাবাজ’, ‘ক্ষণিকালয়’সহ আরও কয়েকটি।’