উজান থেকে নেমে আসা ঢলে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় গত ৩ দিনে ২০ পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। লোকজন বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে। গত ৩ দিন থেকে তিস্তার পানি হঠাত্ বাড়তে থাকে। পানি বৃদ্ধির কারণে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল চর, খলাইর চর, ঢাকের চর এলাকার ২০ পরিবারের বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। লোকজন বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। ভাঙ্গনকবলিত পরিবারগুলো হলো:সহিদার, আজিজুল, বদির, আকবর, আবুতালেব, মান্নান, ফজলে আলী, রফিকুল, সাহিনুর, হাসানুর, মিজানুর, মজিবর, আমিনুর,সাইফুল, আজিজুল হক । এদিকে ভাঙ্গন আতংকে রয়েছে ইয়াছিন, নুরুল হুদা, রশিদুল, নজরুল ও সকিনার পরিবার।
গতকাল বৃহস্পতিবার ভাঙ্গন এলাকায় গিয়ে দেখা যায়, ভাঙ্গনকবলিত লোকজনের মাঝে চরম আর্তনাদ। লোকজন বাড়িঘর ভেঙ্গে নিয়ে এসে অন্যের জমিতে বসবাস করছে। এ সময় দেখা যায় সাইফুল ইসলাম ঘর ভেঙ্গে নৌকায় করে আসবাবপত্রসহ সরিয়ে নিচ্ছে। এ সময় ক্ষোভ প্রকাশ করে সহিদার রহমান বলেন, ভোটের সময় সবাই আইসে। বানত ভাসি যাওছি, এলা কায়ও হামার খোঁজ নেয় না। কোলকোন্দ ইউপি চেয়ারম্যান মমিনুর ইসলাম ভাঙ্গনের কথা স্বীকার করে বলেন, ভাঙ্গনকবলিত লোকজনের তালিকা করে ইউএনও অফিসে দেয়া হয়েছে।
