খানাখন্দে ভরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২১:০৫
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানা-খন্দের কারণে সৃষ্টি হচ্ছে প্রচণ্ড যানজট। গাড়ি চলছে অত্যন্ত ধীরগতিতে। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে এই পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিচ্ছে। ফলে এ মহাসড়কে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সংস্কার না করলে আগামী ঈদে এ দুর্ভোগ আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছে পুলিশ, মহাসড়কের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়, খাড়াজোড়া, গোয়ালবাথান ব্রিজের উভয় পাশ, লতিফপুর জোড়া ব্রিজের উভয় পাশ এবং কালিয়াকৈর ট্রাক ও বাসস্টেশন এলাকায় পিচঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই সেখানে জলাশয়ের সৃষ্টি হয়। বাহ্যিক দৃষ্টিতে দেখে বুঝার উপায় নেই খাদের গভীরতা কত? খানা-খন্দের কারণে এ মহাসড়ক দিয়ে যানবাহন চলছে অত্যন্ত ধীরগতিতে। ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে উত্তরবঙ্গগামী হাজার হাজার যাত্রীদের। গাজীপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত থাকায় মাঝে-মধ্যে যানবাহন বিকল হয়ে পড়ে। যে কারণে মহাসড়কে যানজট একরকম লেগেই থাকে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর ফারুক বলেন, ধীরগতিতে গাড়ি চলার কারণে মহাসড়কে মাত্রাতিরিক্ত যানজটের সৃষ্টি হচ্ছে। দ্রুত সংস্কার না করলে আগামী ঈদে যাত্রীদের দুর্ভোগের সীমা থাকবে না।