ক্লোসার নজর এবার শিরোপায়

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২১:৪১
স্ট্রাইকার মিরোস্ল¬াভ ক্লোসা বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলদাতার রেকর্ডটি গড়ার পর এখন শিরোপাও জিততে চান। জার্মানি গত মঙ্গলবার ব্রাজিলের বেলো হরাইজোন্তেতে স্বাগতিকদের ৭-১ গোলে হারিয়ে বিশ্বকাপে ফাইনাল নিশ্চিত করে। খেলাটিতে গোল দিয়ে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন জার্মানির অভিজ্ঞ এই স্ট্রাইকার। ১৯৭৫ সালের পর নিজেদের মাটিতে এটি ছিল ব্রাজিলের প্রথম হার। জার্মানির হয়ে ২৩ মিনিটে গোল করেই এ কৃতিত্ব দেখান ক্লোসা। তাতে ২০০৬ বিশ্বকাপ থেকে সর্বোচ্চ ১৫ গোলের সুবাদে গড়া রোনালদোর আগের রেকর্ডটি ম্লান হয়ে যায়। ক্লোসা করেন ১৬ গোল। ক্লোসা খেলাটির পরই স্কাই স্পোর্টস ইটালিয়াকে দেয়া সাক্ষাত্কারে বলেন, ‘এখন আমরা ফাইনালে জিততে চাই। এই গোলটি এবং রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার জন্য আমি অত্যন্ত খুশি। তবে আমার কাছে দলের উন্নতিটাই গুরুত্বপূর্ণ।’ তিনি অবশ্য এ অর্জনটি নিজের পরিবারকে উত্সর্গ করেন। ৩৬ বছর বয়সী ক্লোসা অবশ্য নিজের এমন অর্জন নিয়ে খুব বেশি উচ্ছসিত হতে রাজি নন। বরং তার পুরো নজরই আগামী রোববার অনুষ্ঠেয় ফাইনালে জার্মানিকে চতুর্থ বিশ্বকাপ জেতানোর দিকে। বাসস