‘সিবিএফ কর্তাদের জেলে ঢোকানো উচিত’

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২১:৪১
ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোমারিও বলেছেন, জার্মানির কাছে ৭-১ গোলে ব্রাজিল জাতীয় দলের লজ্জাজনক পরাজয়ের দায়ে তাদের ফুটবল কর্তাদের কারাগারে প্রেরণ করা উচিত। সেমিফাইনালে বিশাল ব্যবধানে হলুদ জার্সিধারীদের পরাজিত হবার একদিন পর রোমারিও আরো বলেন, ‘দুর্নীতির কারণে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অধঃপতন ঘটেছে। ক্লাবগুলো বছরের পর বছর ধরে ওই দুর্নীতিগ্রস্তদের নির্বাচিত করে আসছে।’ সামাজিক মাধ্যমে পোস্ট করা এক খোলা চিঠিতে রোমারিও আরো বলেন, বছরের পর বছর ধরে ফুটবলের অবনতি ঘটছে। অযোগ্য নেতাদের মেধাহীনতার কারণেই এমনটি ঘটছে। তারা বিলাসবহুল বক্সে বসে থাকেন এবং নিজেদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পুরে নেন। ১৯৯৪ সালে ব্রাজিলকে বিশ্বকাপ শিরোপা পাইয়ে দেয়ার এই নায়ক বলেন, ফুটবলের অবনতির জন্য খেলোয়াড় বা কোচকে কোনভাবেই দায়ী করা যায় না। তিনি বলেন, সিবিএফ সভাপতি হোসে মারিয়া ম্যারিন এবং ২০১৫ সালে ওই আসনে বসতে যাওয়া তার বর্তমান ডেপুটি মার্কো পলো ডেল নেরোকে ‘অবশ্যই জেল খাটতে হবে’। এসময় টুর্নামেন্ট আয়োজনে ১১শ’ কোটি মার্কিন ডলার ব্যয়েরও সমালোচনা করেন রোমারিও।