জার্মানিকে এগিয়ে রাখছেন সাবেলা

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২২:১০
আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা বলেছেন, ব্রাজিলের বিখ্যাত মারাকানায় আগামী রবিবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ জার্মানি সুবিধাজনক অবস্থায় আছে। স্বাগতিক ব্রাজিলকে গত মঙ্গলবার রাতে সেমিফাইনালে ৭-১ গোলে গুঁড়িয়ে দিয়ে জার্মানি শিরোপা লড়াইয়ে যোগ দেয়ার পরদিন শেষ চারের অপর লড়াইয়ে নেদারল্যান্ডসকে হারাতে টাইব্রেকারের প্রয়োজন পড়ে আর্জেন্টিনার। বেলো হরাইজন্তেতে আগের দিন কোচ জোয়াকিম লোর শীষ্যরা সেমিফাইনালে ব্রাজিলের জালে যে সাতটি গোল দিয়েছে এর পাঁচটিই ছিল খেলার ২৯ মিনিট সময়ের মধ্যে। ডাচদের বিরুদ্ধে জিতে আর্জেন্টিনা ১৯৯০ সালের পর প্রথম ফাইনাল নিশ্চিত করে। কিন্তু সেমিফাইনালে দীর্ঘ লড়াইয়ের কারণে আর্জেন্টিনার বেশ ক’জন খেলোয়াড় ফাইনালের আগে ‘আঘাতপ্রাপ্ত, পরাস্ত ও ক্লান্ত’ বলে উল্লেখ করেন দলটির কোচ। মোনাকো গোলরক্ষক রোমেরো শেষ চারের লড়াইটি পেনাল্টি শুটআউটে গড়ালে রন ভ্লার ও ওয়েসলি স্নেইডারের শট দুটি ফিরিয়ে দেন। তাতে আর্জেন্টিনা ৪-২ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয় শিরোপার সম্ভাবনা জাগিয়ে তোলে। রোমেরোর এই পেনাল্টি বীরত্বে প্রাসঙ্গিক হয়ে উঠলো জার্মানির সাথে তাদের আগের দুটি ফাইনাল। ১৯৯০ সালের ফাইনালে জার্মানি জিতলেও এর আগে ১৯৮৬ সালে মেক্সিকো আসরের শিরোপা লড়াইয়ে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছিল। সে খেলায় আজকের জার্মানির পূর্বসুরী পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়েছিল আর্জেন্টাইনরা। এখন সাবেলা মনে করছেন তার দলকে ১২০ মিনিট খেলতে হয়েছে বলে এবং জার্মানি অতিরিক্ত একটা দিন বিশ্রাম পেয়েছে বলে ফাইনালে লো’র শীষ্যরাই এগিয়ে থাকবে। সাবেলা বলেন, ‘জার্মানি সবসময় মোকাবিলা করার জন্য কঠিন এক প্রতিপক্ষ। এরমধ্যে তারা অতিরিক্ত একদিন বিশ্রাম পাচ্ছে। পক্ষান্তরে কেবল বিশ্বকাপের ফাইনাল খেলার জন্যই আমাদেরকে সামর্থ্যের শেষ বিন্দুটাও ব্যয় করতে হয়েছিল। কাজেই এটা তাদের জন্য একটা সুবিধা।’ মেসিদের কোচ আরো বলেন,‘১৯৯৮ সালের ফ্রান্স আসরে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে ইংল্যান্ডকে হারিয়েছিল। কিন্তু এর পরের ম্যাচটিতে তারা মার্সেইর তীব্র তাপমাত্রায় নেদারল্যান্ডসের কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। সেটি আমাদের (তাপমাত্রা) ক্ষতিগ্রস্ত করেছিল। আমাদের পুনরুজ্জীবিত হতে হবে এবং আমরা যে প্রস্তুত তা নিশ্চিত করতে কাজ করতে হবে।’ টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের সেরা তিনে থাকা জার্মানির প্রশংসাও করেন সাবেলা। এ ব্যাপারে তিনি বলেন, ‘জার্মানি তাদের ইতিহাস জুড়ে সবসময়েই শারীরিক শক্তি, কৌশল, মানসিক সামর্থ্য দেখিয়েছে। তাছাড়া, সবসময়েই তাদের দলে ছিল দক্ষিণ আমেরিকান ঘরানার সংস্পর্শে থাকা খেলোয়াড়।’ তিনি আরো বলেন, ‘ম্যাচটি অনেক কঠিন হবে। একই সঙ্গে ব্যাপারটা আমি আবারও পুনরাবৃত্তি করছি, তারা কোনো ম্যাচে অতিরিক্ত সময় খেলেনি কিন্তু আমরা দু’টি ম্যাচে খেলেছি। তাছাড়া আমরা জার্মানির একদিন পর সেমিফাইনাল খেলেছি। হারানোর জন্য জার্মানি সবসময়ই শক্তিশালী প্রতিপক্ষ’।