স্কোলারিকে ব্রাজিলের গণমাধ্যমে ধোলাই

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২২:১১
ব্রাজিলীয়রা যখন জার্মানির কাছে সেমিফাইনালে ৭-১ গোলে শোচনীয় হারের শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছে, সেই সময়ে কোচ লুই ফিলিপ স্কোলারি ঘুম থেকে উঠে দেখতে পান সে দেশের গণমাধ্যমে তার মুণ্ডু চাইছে। জার্মানির কাছে সেমিফাইনালে করুণভাবে হারের কারণেই স্কোলারিকে ক্ষমা করতে পারছে না সে দেশের গণমাধ্যম। প্রায় প্রতিটি পত্রিকাতেই ব্রাজিল দল ও তার কোচ স্কোলারিকে তুলোধুনো করেছে। এর মধ্যে ‘ও দিয়া’ নামের পত্রিকাটি তাকে বলেছে ‘নরকে যাও’। এটা মূলত ৬৫ বছর বয়সী স্কোলারির কথারই প্রতিধ্বনি। স্বাগতিক ব্রাজিলে অনেক ফুটবল বোদ্ধাই স্কোলারির কৌশলের সমালোচনা করে আসছিলেন। এরকমই সমালোচনার প্রেক্ষিতে সেলেচাও কোচ বিরুদ্ধবাদীদের বলেছিলেন, ‘আমার কৌশল পছন্দ না হলে নরকে যাও।’ এখন পত্রিকাটি স্কোলারিকে তার কথাতেই বিঁধালো। এতসব সমালোচনার পাশাপাশি এখন ব্রাজিলে স্কোলারির ভবিষ্যত্ নিয়েও আলোচনা হচ্ছে। ব্রাজিল দলের অনুশীলন কেন্দ্র টেরেসাপোলিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোচ নিজে জানিয়েছেন, বিশ্বকাপের পরেই বিষয়টি নিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বিশ্বকাপের সেমিফাইনালে সবচেয়ে বাজে হারটির পর পরই স্কোলারি দলের এই দুর্দশার সব দায় নিজের কাঁধেই নিয়েছিলেন। আগামীকাল শনিবার নেদারল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী খেলাটিতে জিতলে অবশ্য তার কিছুটা হলেও মান রক্ষা হবে। স্কোলারিও এখন এই ম্যাচটির দিকেই তাকিয়ে আছেন। তিনি বলেন, ‘আমাদের এখনো কিছু করার আছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের কিছু প্রতিশ্রুতি আছে। আর শনিবার সেটা শেষ হয়ে যাচ্ছে। এরপরই সিবিএফ এর সাথে আলোচনা করেই সব সিদ্ধান্ত হবে।’ জার্মানির কাছে এত বড় ব্যবধানে পরাজিত হবার পরেও এবারের বিশ্বকাপ থেকে কিছুটা হলেও ইতিবাচক কিছু নিতে চান স্কোলারি। তার দাবি, ২০০২ সালের পর এই প্রথমবারের মত সেমিফাইনালে খেলাটাও ব্রাজিলের জন্য অনেক বড় একটি পাওয়া। শুধু তাই নয় তিনি এও বলেন যে, এই হারের পর কেউ মারা যাবে না। বরং এ সুনামির পর ব্রাজিলীয়রা সবাই মানিয়ে নেয়ার জন্য নিজ নিজ জীবনের পথেই তাকিয়ে থাকবে। তিনি বলেন, ‘আমরা একইসাথে জিতেছি এবং হেরেছি। ভাল এবং খারাপ দুটো মুহূর্তই কেটেছে। আমি জানি লোকজন তিক্ততা ও লজ্জার মধ্যে আছে। তারপরও জীবন বয়ে যায়।’ ২০১২ সালের ডিসেম্বরে দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন স্কোলারি। এর আগে তারই অধীনে ব্রাজিল ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল।-বাসস/এএফপি