ওয়েডসনের হ্যাটট্রিক

শিরোপার দোরগোড়ায় শেখ জামাল

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২২:১১
ওয়েডসনের হ্যাটট্রিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪-১ গোলে টিম বিজেএমসিকে হারিয়ে পেশাদার লিগের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। এই জয়ের ফলে ২৪ খেলায় ৫৫ পয়েন্ট পেলো শেখ জামাল। আর মাত্র এক পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হবে এবারের মৌসুমের বড় বাজেটের দলটির। শেখ জামালকে শিরোপার জন্য অপেক্ষা করতে হবে আগামী মঙ্গলবার পর্যন্ত। সেদিন আবাহনীর সঙ্গে জয় পেলে অথবা ড্র করলেই শিরোপা নিশ্চিত শেখ জামালের। তবে আজ শুক্রবার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আবাহনীকে উত্তর বারিধারা হারালে বা খেলাটিতে ড্র হলেই শিরোপা ঘরে তুলবে শেখ জামাল। ২৩ খেলায় ৪৩ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড। তারা যদি নিজেদের শেষ চার খেলায় জিতে ১২ পয়েন্ট তুলতে পারে এবং শেখ জামাল যদি তাদের শেষ তিন ম্যাচে হেরে যায় তাহলে আবাহনী-জামালের পয়েন্ট সমান ৫৫ হবে। সেই ক্ষেত্রে প্লে­অফ ম্যাচের মাধ্যমে শিরোপা নিশ্চিত হবে। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণ করে শেখ জামাল। খেলার ৯ মিনিটে বামপ্রান্ত থেকে তকলিস আহমেদের দেয়া পাস থেকে বল পেয়ে গোল নিশ্চিত করেন সতীর্থ ওয়েডসন। দুই মিনিট ব্যবধানে সনি নর্দের দেয়া পাস থেকে বল পেয়ে ফের গোল দেন ওয়েডসন। ১৪ মিনিটে ওয়েডসন নাইজেরিয়ান খেলোয়াড় ডার্লিংটনকে দিয়ে আরো এক গোল করান। ৩৬ মিনিটে বিজেএমসির হয়ে আব্দুল্লাহ পারভেজ গোল করে ব্যবধান কিছুটা কমান। তবে ৩৮ মিনিটে গোল কিপারকে বোকা বানিয়ে আবারো বিজেএমসির জালে বল জড়ান ওয়েডসন। প্রথমার্ধ শেষে ৪-১ এ এগিয়ে থাকে শেখ জামাল। তবে দ্বিতীয়ার্ধে কোন দল আর গোল করতে পারেনি।