কোচ লুই ফন গল আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের টাইব্রেকারে প্রথম শট নেয়ার জন্য খেলোয়াড় খুঁজতে সমস্যায় পড়েছিলেন। ১২০ মিনিট গোলশূন্য থাকার পর ডাচদের হয়ে প্রথম শটটি নিতে রাজি হননি দুই খেলোয়াড়। পরে অ্যাস্টন ভিলার অধিনায়ক রন ভ্লার এগিয়ে আসেন। তবে তার শটটি ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্জিও রোমেরো। এটি ছিলো তার আটকে দেয়া দুটি শটের একটি। রোমেরো ডাচ ক্লাব আল্কমারে ফন গলের অধীনেই খেলেছেন একসময়। দক্ষিণ আমেরিকার দেশটির চারটি শটের সবকটিই গোলে পরিণত হলেও ডাচদের মাত্র দুটি শটে গোল হয়।
কোয়ার্টার ফাইনালে কোস্টারিকার বিপক্ষে টাইব্রেকারে জিতে ডাচরা সেমিফাইনালে জায়গা করে নিলেও এবার তা হলো না। সাংবাদিক সম্মেলনে ফন গল বলেন, ওই খেলার ফলাফল আত্মবিশ্বাস যোগানোর কথা।কোস্টারিকার বিপক্ষে আমরা অবিশ্বাস্যভাবে সেই পেনাল্টিগুলো নিয়েছিলাম। কিন্তু বিষয়টি হলো প্রথম শট থেকেই গোল করতে হতো এবং ভ্লার রাজি হওয়ার আগে আমি দুইজনকে বলেছিলাম।’ ফন গল আরো বলেন,‘আমি মনে করেছিলাম মাঠের খেলায় সেই ছিল সেরা। তাই তার অনেক আত্মবিশ্বাস থাকা উচিত। বাস্তবে দেখা গেলো পেনাল্টি শুটআউটে গোল করা সহজ নয়। সবচেয়ে বাজে পরিস্থিতি হলো পেনাল্টি শুটআউটে হারা। নইলে আমরা তাদের চাইতে ভাল না হলেও কমপক্ষে সমান মানের দল ছিলাম। কাজেই এটা বড় রকমের হতাশার ঘটনা।’
