শিশুদের পছন্দ পার্টি ফ্রক

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২২:১৪
এবার ঈদ গরম আবহাওয়ায় হওয়ার কারণে সুতি কাপড়ের প্রাধান্য পেয়েছে বেশি। আর শিশুর পোশাক হলে তো কথাই নেই। অভিভাবকরা কোমল শিশুর শরীরের কথা মাথায় রেখে সবসময় সুতি কাপড়ের জামা নির্বাচন করে থাকেন। তবে শিশুদের পছন্দের শীর্ষে রয়েছে পার্টি ফ্রক। তবে অভিভাবকরা বলছেন, শিশুদের পোশাকের দাম যে হারে বেড়েছে তাতে মধ্যবিত্ত পরিবারগুলো বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। কারণ শিশুরা যা পছন্দ করছে তা ক্রয়ের সামর্থ্য অনেক অভিভাবকের নেই। গতকাল বসুন্ধরা সিটি, অর্কিড প্লাজা, রাপা প্লাজা, জেনেটিক প্লাজা, প্লাজা এ. আর, মেট্রো শপিংমল, অচার্ড পয়েন্ট এসব শপিংমল ঘুরে দেখা গেছে ঈদের কেনাকাটায় শিশুদের পোশাকের দোকানগুলোতে ভিড় জমতে শুরু করেছে। ঈদের আনন্দ বড়দের চেয়ে ছোটদের মনেই থাকে বেশি। যার কারণে ঈদ পরিবারের খুদে সদস্যদের খুশি করতেই সবার আগ্রহ থাকে তাদের দিকে। বাবা-মায়েরও আগ্রহ থাকে ঘরের কনিষ্ঠ সন্তানের জামা জুতা তার পছন্দ মতো হয়। ধানমন্ডির অর্কিড প্লাজা মার্কেট মূলত শিশুদের পোশাকের জন্য প্রসিদ্ধ। মাকের্টের সবকটি দোকানেই রয়েছে বাছাইকৃত চমত্কার কিছু পোশাক। যার কারণে এই শপিংমলটিতে শিশু ও তাদের অভিভাবকদের ভিড় থাকে লক্ষণীয়। দোকানিরা বলছেন, শিশুদের সুতি ফ্রকগুলোই চলছে বেশি। তবে ঈদের পোশাক হিসেবে শিশুরা শিপন, নেট আর টিস্যুর পার্টি ফ্রকগুলোই পছন্দ করছেন। শিশুদের বায়না মেটাতে অনেক বাবা-মা এসব ফ্রক পছন্দ না করলেও শিশুদের চাহিদাকে প্রাধান্য দিতে ওসবই কিনে হচ্ছেন। মেট্রো শপিংমলে পাঁচ বছর বয়সি নুমিতাকে নিয়ে এসেছেন তার মা-বাবা। তারা নুমিতার জন্য একাধিক পোশাক কিনতে এলেও কিনতে পেরেছেন মাত্র একসেট। যার দাম পড়েছে ২৩০০টাকা। তারা বলছেন, দাম চাইছে ইচ্ছে মতো, ঈদের বাজারে পোশাক কিনতে গেলে আসলে দামের দিকে চিন্তা করে কেনা যাচ্ছে না। এখানে দাম অনেক বেশি। তবে এসব মার্কেটে কিছু পছন্দমত পোশাক পাওয়া যাচ্ছে। যা অন্য মাকের্টগুলোতে নেই। মামনি ফ্যাশন হাউসের এক বিক্রেতা বলেন, আমরা সূতি কাপড়ের পোশাক তুলেছি বেশি। কারণ গরমে বাচ্চাদের মায়েরা সুতি কাপড় ছাড়া অন্য কোন কাপড়ের পোশাক শিশুদের পরাতে চান না। যার কারণে সুতি কাপড়ের প্রাধান্য দিয়েছি। আর রং এর মধ্যে আকাশি, পিঙ্ক, অফ-হোয়াইট, হাল্কা বেগুনি এসব রঙের পোশাক বেশি চলছে। তবে গাঢ় রঙের পোশাকও ঈদের জন্যে কিনছে অনেক অভিভাবক। শিশুরা অনেক সময় গাঢ় রঙটির দিকে হাত তুলে চান, তারা লাল, নীল, হলুদ এসব রঙ বেছে নেন। তাই এসব দিক মাথায় রেখে আমরা এসব রঙের মধ্যে পার্টি ফ্রক রেখেছি। দামও নাগালের মধ্যে জানান তিনি।