বড়পুকুরিয়া কয়লা খনির উত্তরাংশ থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার ডিসি সম্মেলনের তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এ সময় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তোফিক-ই-ইলাহী চৌধুরী, বীরবিক্রম উপস্থিত ছিলেন।
বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ওয়াটার ম্যানেজমেন্ট মডেল (পানি ব্যবস্থাপনা নকশা) তৈরি করা হচ্ছে। আগামী সেপ্টেম্বর নাগাদ মডেলটি পেয়ে গেলেই উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্পাদন করা শুরু হবে। কয়লা উত্তোলন করতে পাঁচ বছরের মতো সময় লাগবে। তিনি আরও বলেন, ইতিমধ্যে বিদ্যুত্ বিভাগ থেকে সেখানে এক হাজার ৩শ’ মেগাওয়াটের বেশি বিদ্যুত্ উত্পাদনের পরিকল্পনা করা হয়েছে।
