উপস্থাপনা আর নাচের পূজা

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২০:২৭
উপস্থাপক পূজা সেন গুপ্ত। তবে এই পরিচয়ে সাম্প্রতিক কালে জনপ্রিয়তা পেলেও মূলত একজন নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার। এস এ টিভিতে অনুষ্ঠিত লাইভ মিউজিক্যাল অনুষ্ঠানে উপস্থাপনা করছেন বেশ কিছুদিন। নাচ নিয়ে পড়াশুনা তার। সেই জায়গা থেকেই নাচটাকেই জীবনের সঙ্গী করে নিয়েছেন পূজা। সম্প্রতি আতাউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ‘রক্তকরবী’ সিরিজের সবগুলোতেই অংশ নেন তিনি। এছাড়া এই মূহুর্তে ব্যস্ততা চলছে ঈদ এবং ঈদের পরবর্তী কাজ নিয়ে। ঈদের পরে তার নিজস্ব নাচের ‘ওয়াটারনেস’ শিরোনামে একটি নৃত্য মঞ্চায়ন করবেন। পূজা বলেন, ‘আমার প্রতিটি কাজেই একটি মেসেজ থাকে। নাচ যতক্ষণই হোক না কেন। আমি চেষ্টা করি এরই মধ্যে একটি মেসেজ রাখতে। আর যেহেতু নাচ নিয়েই আমার সব পরিকল্পনা তাই এই কাজটাকে আমি নিজের সবটুকু দিয়েই করতে চাই।’ এছাড়া এই ঈদে একটি চ্যানেলে নাচের অনুষ্ঠানের কথা চলছে তার। তবে আয়োজনের জটিলতার কারণে এখনও অনুষ্ঠানের ব্যাপারে নিশ্চিত করতে পারছেন না পূজা। আগামী মাসের ৮ তারিখে নিজের দলসহ আমন্ত্রন পেয়েছেন কলকাতায়। সেখানে ২২ শে শ্রাবন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ‘তোমার আশ্বিনে’ শিরোনামে একটি নাচের অনুষ্ঠানে অংশ নিবেন তিনি।