বাবুগঞ্জে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে ছাত্রলীগ ও ছাত্রদল

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২১:২৩
বিবাহিত ও অছাত্র দিয়ে খুঁড়িয়ে চলছে বরিশালের বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও ছাত্রদলের কার্যক্রম। ফলে দুই সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। বাবুগঞ্জ উপজেলায় ১১ বছর ধরে উপজেলা ছাত্রলীগ ও ১২ বছর ধরে ছাত্রদলের কোন সম্মেলন না হওয়ায় সাধারণ ছাত্র-ছাত্রী ও নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে উপজেলা ছাত্রলীগ ও ছাত্রদলের রাজনৈতিক নেতৃত্ববিহীন হয়ে পড়েছে। বিপুল সংখ্যক ছাত্রনেতারা দীর্ঘদিন ধরে পদ প্রত্যাশী হয়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়ার ফলে তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। মেয়াদোত্তীর্ণ উপজেলা দুই ছাত্র সংগঠনের বর্তমান কমিটির অধিকাংশ নেতারা বিবাহিত ও ছাত্রত্ব নেই। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেক নেতা বিবাহিত আর এখন ব্যবসা, বাণিজ্য, ঠিকাদারী, চাকরি ও সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।