দেশের অর্জন সহ্য করতে পারছে না বিএনপি:স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২১:৪২
সমুদ্রে ন্যায্য অধিকার আদায় করতে পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার সঠিক পদক্ষেপ ও দূরদর্শিতার কারণেই সমুদ্রে ন্যায্য হিস্যা পেয়েছে বাংলাদেশ। কিন্তু বিএনপি এ অর্জন সহ্য করতে না পেরে দোষ খুঁজছে। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় মোহাম্মদ নাসিম বাল্যবিবাহ প্রতিরোধে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এমএম নিয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জনসংখ্যা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় পরিবার পরিকল্পনা কর্মী, সেবা প্রদানকারী সংস্থা এবং এফপি মিডিয়া অ্যাওয়ার্ড বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।