প্রতিভা বিচারে হয়তো সর্বকালের সফল সব স্ট্রাইকারদের চাইতে অনেকটাই পিছিয়ে থাকবেন তিনি। কিন্তু, প্রশ্নটা যদি হয় নিয়মানুবর্তীতার তাহলে মিরোস্লাভ ক্লোসা পেছনে ফেলবেন অনেককেই। তবে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফল স্ট্রাইকারটি জানালেন, আগামীকাল আর্জেন্টিনার বিরুদ্ধে ফাইনালে জিততে পারলে অন্তত একটি দিনের জন্য সব নিয়ম কানুন সব ভুলে যাবেন তিনি। ছক বদ্ধ জীবনে ছেদ টেনে মেতে উঠবেন শিরোপা জয়ের বাধনহারা আনন্দে।
সেই ২০০১ সালে জাতীয় দলের জার্সি গায়ে দেয়া। অভিষেকের পরের বছরই নিজের প্রথম বিশ্বকাপেই পাঁচ গোল করে দলের গুরুত্বপূর্ন সদস্য হয়ে ওঠেন তিনি। এরপর সময় গড়ানোর সাথে সাথে অভিজ্ঞতার পাশাপাশি বাড়তে থাকে ক্লোসার সাফল্যের সংখ্যাও। নিজের দেশে ২০০৬ বিশ্বকাপে আবারো পাঁচ গোল করে ক্লোসা বিশ্বকাপ গোলসংখ্যাকে নিয়ে যান দশে। এরপর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আরো চারটি গোল করে ছাড়িয়ে যান জার্ড মুলারকে। হয়ে ওঠেন বিশ্বকাপে দেশের পক্ষে সর্বোচ্চ গোলদাতা। গত বিশ্বকাপের পরই ধারনা করা হচ্ছিল, এই ল্যাজিও স্ট্রাইকার আরেকটি বিশ্বকাপ খেলতে পারবেন কিনা। কারন, ততদিনে তার বয়স হয়ে গেছে ৩২। লুকাস পোডলস্কি, মারিও গোমেজ, মারিও গোয়েটজেদের মত তরুন স্ট্রাইকাররা প্রস্তুত তার জায়গা নিতে। কিন্তু কঠোর নিয়মনিষ্ঠা আর বিরতিহীন পরিশ্রমের ফলাফল হিসাবে জার্মানির পক্ষে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মালিক জায়গা করে নেন ব্রাজিল বিশ্বকাপের দলে। ঘানার বিরুদ্ধে গ্রূপ পর্বে প্রথম গোলের পর গত মঙ্গলবার রাতে ব্রাজিলের বিরুদ্ধে সেমিফাইনালে পেয়ে গেছেন রেকর্ড ভাঙ্গা দ্বিতীয় গোলটিও। ফলে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকে টপকে ক্লোসাই এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে, অসাধারন এই রেকর্ডের পরেও ক্লোসা আগের মতোই বিনয়ী, আগের মতোই নিয়মানুবর্তী। করেননি খুব বড় কোন উদযাপনও। গতকাল জানালেন আসল উদযাপনটা ফাইনালের জন্যই জমিয়ে রেখেছেন তিনি, ‘আসলে এখনই কিছু বলাটা কঠিন। তবে আর্জেন্টিনার বিরুদ্ধে যদি জিততে পারি তাহলে হয়তো আমি একটু বিশ্রাম নেব। তবে অন্য সবার মত আমার মধ্যেও একটা ‘পাগলাটে’ সত্ত্বা আছে। হয়তো উন্মত্তভাবে পার্টি করবো আমি। ব্রাজিলের বিরুদ্ধে জয়টা আমরা উদযাপন করেছি। তবে সেটা ছিল মাত্র ২৪ ঘন্টার জন্য। আমরা ভুলে যাইনি যে পরের ম্যাচটাও জিততে হবে আমাদের। ফাইনালে হেরে যাওয়াটা খুব বাজে একটা অভিজ্ঞতা। আশা করি এবার আমাদের জয়ের পালা।’ জার্মানির সর্বশেষ বিশ্বকাপ ফাইনাল দলের সদস্য এই তারকা কথা বলেছেন, রোনালদোকে নিয়েও। ইতিহাসের পাতা থেকে এই কিংবদন্তির নাম মুছে ফেললেও তাকে নিজের চেয়ে এগিয়েই রাখলেন এই ৩৬ বছর বয়সী। শুধু তাই নয়, রোনালদো আখ্যায়িত করলেন সর্বকালের সবচেয়ে পূর্নাঙ্গ খেলোয়াড় হিসাবেও। ক্লোসা বলেন, ‘সে একজন অসাধারণ ফুটবল খেলোয়াড়। আমি এখন ইতালিতে খেলছি, সেখানে গিয়ে যখনই আমি রোনালদো সম্পর্কে আলোচনা করেছি তখনই সকলে একবাক্যে তাকে সেরা খেলোয়াড় হিসেবে মনোনয়ন দিয়েছে। আমার মতে সে সত্যিকার অর্থেই একজন পূর্ণাঙ্গ খেলোয়াড়।’
ওয়েবসাইট/ বাসস
