অদ্ভুত বিড়ম্বনা!

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২১:০১
কপালের লিখন হয়তো একেই বলে। এসেছিলেন দর্শক হয়ে নিজের দল বেলজিয়ামের খেলা উপভোগ করতে। আর বনে গেলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কসমেটিক ব্র্যান্ড ল’রিয়েলের ফ্যাশন মডেল। এই পর্যন্ত ব্যাপারটা ঠিকই ছিল। এর দু’দিন পরেই গত শুক্রবার রাতে শুনতে হলো ঠিক উল্টো কথা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত একটি ছবি প্রকাশ করার কারণে মডেল হিসাবে আত্মপ্রকাশ করার আগেই বাদ পড়তে হলো ল’রিয়েলের চুক্তি থেকে! তিনি হলেন ১৭ বছর বয়সি বেলজিয়ামের সমর্থক অ্যাক্সেলি ডেসপিগেলারি। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত শুক্রবারই ছবিটি প্রকাশ করেন অ্যাক্সেলি। ছবিটি গত বছর তার দক্ষিণ আফ্রিকা ভ্রমণের সময়কার। যেখানে দেখা যায়, অ্যাক্সেলি একটি মৃত গন্ডারের পেছনে বসে আছেন। ছবিটির ক্যাপশনে লেখা, শিকার করা নিতান্ত আনন্দের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আজ রাতে আমেরিকাকে শিকার করবো আমরা। বলা বাহুল্য, ছবিটি আমেরিকানদের বিরুদ্ধে বেলজিয়ামের শেষ ষোলো ম্যাচ উপলক্ষেই প্রকাশ করা হয়। ল’রিয়ের কাছ থেকে চুক্তির প্রস্তাব পাওয়ার পর রাতারাতি তারকাখ্যাতি পাওয়া অ্যাক্সেলির এমন ছবি প্রকাশের পর খেপে যান তার ফেসবুক অনুসারীরা। বিশেষ করে সোচ্চার হন প্রাণী হত্যার বিরুদ্ধে কাজ করা বিভিন্ন সংগঠনগুলো। অ্যাক্সেলিকে চুক্তির প্রস্তাব দেয়ায় সমালোচনা শুরু হয় ল’রিয়েলেরও। গত বছর চীনে বেশ কিছু প্রজাতির প্রাণীর উপর নিজেদের নতুন নির্মিত কসমেটিক পণ্যের পরীক্ষামূলক প্রয়োগের কারণে সমালোচিত হওয়া ল’রিয়েল পরে মহা বিপদে। শেষ পর্যন্ত তারা বাধ্য হয় অ্যাক্সেলির সাথে চুক্তি বাতিলের ঘোষণা দেয়ার। ঐশ্বরিয়া রায় বচ্চন, কেট উইন্সলেটদের মত মহাতারকাদের পণ্যদূত হিসাবে ব্যবহার করা এই প্রতিষ্ঠানটি জানায়, ‘যদিও ল’রিয়েল এই ছবিটি (অ্যাক্সেলির) সম্পর্কে সচেতন। তবে আমরা বলছি না অ্যাক্সেলির সাথে চুক্তি প্রত্যাহারের পেছনে এটিই মূল কারণ হিসাবে কাজ করেছে।’ ব্রাজিলের ২০১৪ বিশ্বকাপ খেলায় নিজ দেশকে সমর্থন দিতে গ্যালারির সরব উপস্থিতির কারণে ফটোগ্রাফারদের ক্যামেরায় ফ্রেম বন্দী হয়েছিলেন তিনি। আর এতেই কপাল খুলে যায় অ্যাক্সেলির। গ্যালারি থেকে খুব দ্রুতই চতুর্দিকে ছড়িয়ে পড়ে বেলজিয়ান সুন্দরীর ছবি। আর তাতেই আকৃষ্ট হয়ে আন্তর্জাতিক ফ্যাশন ব্রান্ড ল’রিয়েল তাদের মডেল হিসেবে চুক্তিতে নিয়ে নেয় অ্যাক্সেলিকে। রাশিয়ার সঙ্গে বেলজিয়াম দলের ম্যাচ চলাকালে নিজ দলের জাতীয় পতাকার রং মেখে গ্যালারিতে হাজির হয়েছিলেন অ্যাক্সেলি। সেখানেই ক্যামেরাবন্দী হন ১৭ বছর বয়সী ওই ত্বন্বী কিশোরী। অবশ্য বিশ্বকাপের গ্যালারি থেকে তারকা হবার ইতিহাস এটিই প্রথম নয়। ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার সমর্থক সিম মিনাও বিশ্বকাপের গ্যালারি থেকে সন্ধান পেয়েছিলেন নতুন ক্যারিয়ারের। নিজ দলকে সমর্থন জানাতে মাঠে হাজির হওয়া মিনার ছবি ফটোগ্রাফারদের বদৌলতে ক্রীড়া পাতায় স্থান পায়। ফলে বিশ্বব্যাপী ছড়িয়ে যায় তার সপ্রতিভ মুখের ছবি। সেখান থেকে তিনি রেকর্ডিংয়ের চুক্তির প্রস্তাব পান। পরবর্তী এক যুগ মডেলিং ক্যারিয়ার নিয়ে আধিপত্য বিস্তার করেছিলেন তিনি। ওয়েবসাইট