বিশ্বকাপ শুরুর সময়ই বিগ বি বলেছিলেন তারা বাপ-বেটা ফাইনাল দেখতে যাবেন স্টেডিয়ামে। বিনোদন প্রতিদিন পাঠকেরাও জেনেছেন সেটা। তাই সে কথা অনুযায়ীই ছুট দিয়েছিলেন। এতদিন বোকা বাক্সে খেলা দেখেছেন, এবার সরাসরি গ্যালারিতে বসে বিশ্বকাপ ফুটবল দেখলেন অমিতাভ বচ্চন। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। এবারে বাপ-বেটা ছুটেছেন ব্রাজিলে। ৭১ বছর বয়সী অমিতাভের সঙ্গী হয়েছেন অভিষেক বচ্চন। সাও পাওলোতে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের মধ্যকার সেমিফাইনাল খেলা উপভোগ করেছেন তারা। ওইদিন খেলা দেখার পর অভিষেক স্টেডিয়ামের একটি স্থিরচিত্র পোস্ট করেন টুইটারে।
