জার্মানি-আর্জেন্টিনার মধ্যকার এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচে রেফারি থাকবেন ইতালির নিকোলা রিজ্জোলি। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করা রেফারি ইংল্যান্ডের হাওয়ার্ড ওয়েব এবারের ফাইনালের জন্য গড়া সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে আজ রবিবার বাংলাদেশ সময় রাত ২টায় ব্রাজিল বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে নামছে আর্জেন্টিনা-জার্মানি।
এই মহারণের জন্য ঘোষিত রেফারি রিজ্জোলি পেশায় স্থপতি, যার জন্ম ইতালির বলোগনায়। ব্রাজিল বিশ্বকাপে এরই মধ্যে তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। ৪২ বছর বয়সী এই ইতালিয়ান স্পেন-নেদারল্যান্ডস, নাইজেরিয়া-আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা-বেলজিয়াম ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০১০ সালের ইউরোপা লিগ ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদ-ফুলহাম এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখ-বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করেছিলেন। এবারের বিশ্বকাপের ফাইনালে রিজ্জোলির সহযোগী দুই রেফারি স্বদেশি রেনাতো ফ্যাভারানি এবং আন্দ্রে স্টেফানি। চতুর্থ অফিশিয়াল হিসাবে থাকছেন ইকুয়েডরের কার্লোস ভেরা। রিজ্জোলি হলেন তৃতীয় ইতালিয়ান রেফারি যিনি বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করবেন। এর আগে ১৯৭৮ সালের আসরে সার্জিও গোনেলা এবং ২০০২ সালের আসরে পিয়েরলুইজি কলিনা ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেন।
