কোচ আলেসান্দ্রো সাবেলা বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। আজ রবিবার জার্মানি ও আর্জেন্টিনার মধ্যে বিশ্বকাপের ফাইনালটি অনুষ্ঠিত হবে।
আর্জেন্টিনার স্থানীয় একটি রেডিও স্টেশনকে শুক্রবার এ কথা জানিয়েছেন সাবেলার প্রতিনিধি। এফএম ডেলটা রেডিওকে ইউজেনিও লোপজে বলেন, ‘শীর্ষে থাকাটা সব সময়ই ইতিবাচক। আমি মনে করি, জাতীয় দলকে তিনি সব কিছুই দিয়েছেন এবং অন্য কাউকে তার সুযোগ করে দেয়ার এটাই সঠিক সময়।’ জাতীয় দলের হয়ে আটটি ম্যাচ খেলা এই আর্জেন্টাইন অবশ্য সে দেশের ক্রীড়া পত্রিকাগুলোকে জানান, তিনি এখন শুধু রবিবারের খেলাটি নিয়েই ভাবছেন। তিনি বলেন, ‘আমার জন্য ভবিষ্যতের মানে হলো রবিবারের বিশ্বকাপ ফাইনালটি। এ ছাড়া অন্য কিছু ভাবা হবে শ্রদ্ধাহীন ব্যাপার।’ সাবেলা ২০১১ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেয়ার পর দলটিকে ২৪ বছর পর আবার বিশ্বকাপের ফাইনালে তোলার কৃতিত্ব দেখান। ৫৯ বছর বয়সী এই কোচের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সাবেক বার্সেলোনা কোচ জেরার্ডো মার্টিনো এবং অ্যাটলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনের নাম উচ্চারিত হচ্ছে।
