ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিএনপি-জামায়াত ও জঙ্গিবাদী চক্র এখন ষড়যন্ত্রে নেমেছে। তারা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী এ দলকে ধ্বংস করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। দেশবিরোধী এই ষড়যন্ত্রের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মরণ সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন।
২০০০ সালের ১২ জুলাই চট্টগ্রাম শাহ আমানত সেতুর সংযোগ সড়কে দিনের বেলায় আড়াআড়ি বাস রেখে ছাত্রলীগ নেতা-কর্মীবাহী মাইক্রোবাস আটকে গুলি চালিয়ে হত্যা করা হয় আট ছাত্রলীগ নেতাকে। তাদের স্মরণে এই সভার আয়োজন করা হয়। ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন ড. হাছান মাহমুদ, আমিনুল ইসলাম আমিন, বাহাদুর বেপারী, শাহাজাদা মহিউদ্দিন, জহিরউদ্দিন মাহমুদ লিপ্টন, সিদ্দিকী নজমুল আলম, শেখ রাসেল প্রমুখ।
