গাজায় ইসরাইলি বিমান হামলায় নারী-শিশুসহ শতাধিক নিরস্ত্র মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে শনিবার দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষার জন্য হামাস এবং আল্ ফাতাহ যখন ঐকমত্যের সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে, তখন একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ইসরাইলের লাগাতার বিমান হামলা তাদের আগ্রাসী পরিকল্পনারই অংশ। বিবৃতিতে স্বাক্ষর করেছেন সৈয়দ শামসুল হক, ডা. সারোয়ার আলী, নাসিরউদ্দিন ইউসুফ, মামুনুর রশীদ, সেলিনা হোসেন প্রমুখ।
বিবৃতিতে সারা বিশ্বের শুভবুদ্ধিসম্পন্ন শান্তিপ্রিয় মানুষদের ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন তারা। এদিকে গাজায় ইসরাইলের বোমা হামলার প্রতিবাদে আজ রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে জাতীয় মুক্তি কাউন্সিল।
