টাঙ্গাইলের মির্জাপুরে রিকশাচালক রুবেল হত্যাকারীরা ৯ দিনেও গ্রেফতার হয়নি। হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী। গতকাল শনিবার ডোকলাহাটি গ্রামে সরেজমিন গেলে নিহত রুবেলের পরিবার এ অভিযোগ তুলে ধরেন। মির্জাপুর থানায় দায়ের করা মামলার বিবরণ ও নিহত রুবেলের স্ত্রী রেনু বেগম এবং তার ভাই ইকবাল অভিযোগ করেন, রিকশা ভাড়া ও পূর্ব শত্রুতার জের ধরে বানিয়ারা গ্রামের দ্রব, রিফাত, বিপ্লব, জিহাদ, নিরব, আবিরসহ ১০/১২ জন সন্ত্রাসী মিলে ৩ জুলাই বৃহস্পতিবার রুবেলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় রুবেলকে বানিয়ারা বাজার এলাকা থেকে উদ্ধার করে প্রথমে মির্জাপুর সরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিত্সকদের পরামর্শে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। ভর্তির পর রুবেল কুমুদিনী হাসপাতালে মারা যায়। এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, হত্যা মামলার পর তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।
