ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) বেনজীর আহমেদ বলেছেন, রাজধানীতে দুর্ঘটনা এড়াতে যারা ফুটওভার ব্রিজ ব্যবহার করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রবিবার বেলা ১১টায় বনানী ১১ নম্বর রোডস্থ চেয়ারম্যান বাড়ি এলাকায় ডিএমপি এবং বেসরকারি সংস্থা পারফেটি ভ্যানমেইলির যৌথ আয়োজনে দুই দিনব্যাপী ফুটওভার ব্রিজ ব্যবহারে সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, রাস্তা ব্যবহারকারী, পথচারী, ড্রাইভার, যাত্রী সবাইকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হতে হবে, সেটাকে মান্য করতে হবে। তিনি বলেন, পারফেটি ভ্যানমেইলি-এর স্পন্সরে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে জনগণকে সচেতন করা। ঢাকা পৃথিবীর ১১তম বড় শহর। এই শহরে কিছু সংখ্যক মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করবে তা হতে পারে না। আমরা প্রথমে মানুষকে অনুরোধ করবো ফুটওভার ব্রিজ ব্যবহার করার জন্য। তাতে কাজ না হলে আমরা কঠোর অবস্থানে যাব। দরকার হলে রাস্তার দুই পাশে ৫০০ মিটার করে ১০০০ মিটারের মধ্যে নিষেধাজ্ঞা জারী করে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে বাধ্য করা হবে।
কমিশনার বলেন, আমরা দেখেছি স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় নির্মমভাবে নিহত হয়েছেন মা-সন্তান দুজনেই। এরপরও অনেক লোক ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন না। গাড়ি এলোমেলোভাবে পার্কিং করে ট্রাফিককে বাধা গ্রস্ত করছেন।
বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, সরকার উপযুক্ত ব্যবস্থা করে দেয়ার পরও জনগণ যদি এর সঠিক ব্যবহার না করেন তাহলে সেটা জনগণের দোষ। আমি জনগণকে অনুরোধ করবো আপনারা এগুলোর উপযুক্ত ব্যবহার করবেন।
নিরাপদ সড়ক চাই-এর আহ্বায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনার অর্ধেক ভিকটিম হচ্ছে পথচারী। পথ চলতে গেলে আমাদের যে পরিমাণ সতর্কতা অবলম্বন করা দরকার আমরা তা করছি না। সচেতনতার অংশ হিসেবে যে সকল পথচারী ফুটওভার ব্রিজ ব্যবহার করেছেন তাদেরকে রজনীগন্ধ্যা ফুল, মেন্টস গিফট প্যাকেট, খেজুর ও ট্রাফিক বিভাগের লিফলেট বিতরণ করা হয়।
পারফেটি ভ্যানমেইলি বাংলাদেশ লিঃ এর সিইও রাজেশ রামাকৃষ্ণান, হেড অব মার্কেটিং সানিয়া মাহমুদ, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, চিত্র নায়ক ও নিরাপদ সড়ক চাই এর উদ্যোক্তা অভিনেতা কাজী জামাল উদ্দিন, মনির খান শিমুল উপস্থিত থেকে জনসচেতনতার কাজটিকে আরো বেগবান করেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মিলি বিশ্বাস, ইব্রাহিম ফাতেমী, ডিসি (গুলশান) খন্দকার লুত্ফুল কবির, ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান, ডিসি (ট্রাফিক উত্তর) শাহ আবিদ হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
