শাহজালালে ১৪ কেজি সোনা ও ৫০ লাখ টাকার মূল্যের পাকিস্তানি রুপি উদ্ধার

আপডেট : ১৩ জুলাই ২০১৪, ২১:৩৭
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৃথক ঘটনায় ১৪ কেজি ওজনের ১১৯টি সোনার বার এবং ৫০ লাখ টাকা মূল্যের পাকিস্তানি রুপিসহ ৮ জনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। উদ্ধারকৃত সোনার মূল্য সাত কোটি টাকা। রবিবার দুপুর ২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিডি০৫২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন জসিমউদ্দিন, আমির হোসেন, রাশেদ চৌধুরী, মো. নাজিম, সালাউদ্দিন, লোকমান ভূইয়া এবং আনোয়ার হোসেন। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিমানবন্দরের ডমেস্টিক এলাকায় শুল্ক গোয়েন্দারা তাদের দেহ তল্লাশি করে উল্লিখিত সোনা উদ্ধার করেন। এদিকে রবিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি এলাকা থেকে আব্দুর রহিম নামক একজনের ব্যাগ তল্লাশি করে শুল্ক গোয়েন্দা ৫০ লাখ টাকা মূল্যের পাকিস্তানি রুপি উদ্ধার করেন। আব্দুর রহিম ৭ জুলাই কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তখন তিনি বিমানবন্দরে ব্যাগটি রেখে যান। ঐদিন সকালে ব্যাগটি নিতে গেলে তাকে আটক করা হয়।