নেদারল্যান্ডসের উইঙ্গার আরিয়েন রোবেন তৃতীয়স্থান পেয়ে বিশ্বকাপ শেষ করলেও তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। যদিও এমনটা প্রত্যাশা ছিল না তাদের।
আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে টাইব্রেকারে হেরে যাওয়ায় গত শনিবার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হয় লুইস ফন গালের শিষ্যরা। প্লে-অফের এই লড়াইয়ে রবিন ফন পার্সি, ড্যালি ব্লাইন্ড ও জিওর্জিনিও উইজনালডামের গোলে ৩-০ ব্যবধানে জিতে তৃতীয় স্থান পায় তারা। পক্ষান্তরে এ হারে ব্রাজিলের ব্যর্থতা আরো স্তূপীকৃত হলো। কেননা এর আগে জার্মানির বিপক্ষে সেমিফাইনালে ৭-১ গোলের শোচনীয় হার মানতে হয়েছিল তাদের!
ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাওয়া কোচ লুইস ফন গালের তত্ত্বাবধানে নেদারল্যান্ডসের সর্বশেষ পারফরম্যান্সে সন্তুষ্ট রোবেন। তাই তিনি বলেন, ‘দারুণ একটি সমাপনী হয়েছে এটি। যদিও ফাইনালে পৌঁছাতে না পারার হতাশাটা এখনো কাজ করছে।’
রোবেন তৃতীয় স্থান নির্ধারণী লড়াই নিয়ে বলেছেন, ‘নতুন করে শক্তিসঞ্চার কঠিন ছিল। সেমিফাইনালে হারায় কিছুটা ভুগতে হয়েছে। তাছাড়া দুটি ম্যাচে ১২০ মিনিট করে খেলতে হয়েছে আমাদের। এরপরও আমি আবারও বলছি, এই পারফরম্যান্সে আমি গর্বিত, প্রশংসিত। এই আনন্দ দলটির হয়ে কাজ করতে পারার। সকল প্রতিক্রিয়াই আমি শুনেছি। নেদারল্যান্ডসের সকল ইতিবাচক দিকই প্রকাশ পাচ্ছে। এমন অবস্থায় আপনি ইতিবাচক স্মৃতি নিয়েই টুর্নামেন্ট শেষ করার প্রত্যাশা করতে পারেন।’
সতীর্থ রোবেনের সুরেই কথা বললেন উইজনালডাম, ‘সত্যিকার অর্থেই আমরা বিশ্বকাপে অনেক লড়াই করেছি। মাথা উঁচু করেই শেষ করতে চেয়েছিলাম আমরা।’
ম্যানইউতে যোগ দিতে যাওয়া কোচ ফন গালের প্রশংসা করেন ডাচ তারকা রোবেন। ব্রাজিলের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষে ফন গাল ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেয়ার প্রস্তাব দিয়েছেন বলেও উল্লেখ করেন ৩০ বছর বয়সী এ উইঙ্গার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যাচ শেষে তিনি আমাকে ম্যান ইউতে যোগ দিতে বলেছেন। আমি যেসব কোচ পেয়েছি, এর মধ্যে ফন গলই সেরা। আমাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক গড়ে ওঠেছে। তবে আমি দলবদলে যাচ্ছি না। বায়ার্ন মিউনিখে আমি সঠিক জায়গাতেই আছি। তাই ফন গল বা ম্যান ইউ’র ব্যাপারে আমার কিছু করার নেই।’
রোবেনকে প্রস্তাব দেয়ার ব্যাপারটি পরবর্তীতে স্বীকার করলেন ফন গলও, ‘ওল্ড ট্র্যাফোর্ডে তাকে সবসময়ই স্বাগত জানানো হবে। এটা সে নিজেও জানে।’
