ব্রাজিল ডিফেন্ডার দানি আলভেজ জানিয়েছেন, বিশ্বকাপ থেকে ব্রাজিলের লজ্জাজনক প্রস্থানের পর কোচ ফিলিপ লুই স্কলারির বদলে বিদেশি কাউকে বেছে নেয়া ‘অমর্যাদাকর’ কিছু হবে বলে তিনি মনে করেন না।
জার্মানির কাছে শেষ চারে ১-৭ গোলে হারের চারদিন পর সর্বশেষ তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে নেদারল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে পরাস্ত হয় ব্রাজিল। এরপরই পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য বিদেশি কোচ নিয়োগের ব্যাপারটি আলোচনায় উঠে আসে। স্পেনের মার্কা পত্রিকা জানায়, ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) কোচ হিসেবে হোসে মরিনহোকে চায়। যদিও মরিনহো ব্রাজিল কোচ হতে চান না।
দানি আলভেজ বলেন,‘আমি মনে করি একজন বিদেশি কোচ বাড়তি কিছু যোগ করতে পারবেন। ব্রাসিলিয়ার ম্যানে গারিঞ্চা স্টেডিয়ামে বেঞ্চে ঠাঁই পাওয়া আলভেজ এ প্রসঙ্গে বলেন, ‘আমি কোন কোচকে আনার জন্য প্রচারণা চালাতে যাচ্ছি না। কিন্তু এতে আমি অমর্যাদাকর কিছুও দেখছি না।’
এবারের বিশ্বকাপে জার্মানির ও নেদারল্যান্ডের কাছে হার দুটির পর দলের কোচ স্কলারির বিদায় ঘণ্টাও প্রায় নিশ্চিত হয়ে যায়। ব্রাজিলের গণমাধ্যমে বলা হয়েছে, এ কারণেই সিবিএফ স্কলারির বদলি হিসেবে চেলসি কোচ মরিনহোকে আনার কথা ভাবছিল। যদিও ব্রাজিলের কোচদের মধ্যে করিন্থিয়ান্সের টিটে জোর ফেবারিট। এর পরেই আছেন সাও পাওলো কোচ মুরিচি রামালহো।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী খেলাটিই সম্ভবত ব্রাজিল কোচ হিসেবে স্কলারির শেষ ম্যাচ ছিল। এদিকে মরিনহোকে নিয়ে আলোচনা হলেও চলতি গ্রীষ্মে দিয়েগো কস্তা এবং সেস্ক ফ্যাব্রেগাসকে দলে টানার পর ব্রাজিলের দায়িত্ব নেয়ার জন্য স্টামফোর্ড ব্রিজ ছাড়ার কোন ইচ্ছেই নেই পর্তুগীজ কোচটির।
কেননা দ্বিতীয় দফায় চেলসির দায়িত্ব নেয়া মরিনহো আসন্ন মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লক্ষ্যে দল গড়ছেন। তাছাড়া পশ্চিম লন্ডনের ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ এখনো তিন বছর বাকি। তবে মরিনহোর প্রতিনিধির মতে, তার মক্কেল হয়তো সম্মানের দিক থেকে বিশ্ব ফুটবলের অন্যতম একটি ব্রাজিল দলের কোচের দায়িত্ব ভবিষ্যতে নিতে পারেন। যদিও কোন বিদেশিকে ব্রাজিল ফুটবল তাদের কোচ হিসেবে বিবেচনা করাটা অস্বাভাবিক।
মানো মেনেজেসকে বরখাস্ত করার পর দুই বছর আগে বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওয়ালার নামও ব্রাজিল কোচ হিসেবে উঠে এসেছিল। মরিনহোর মত গার্দিওয়ালাও ভবিষ্যতে ব্রাজিলের দায়িত্ব নেয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দেননি সেসময়।—বাসস
