আর্জেন্টিনার হারে উল্লসিত ব্রাজিলিয়ানরা

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২০:৪০
চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে জার্মানীর কাছে হারায় উল্লসিত ব্রাজিলীয়রা নেচে গেয়ে, আতসবাজি ফুটিয়ে তারা আর্জেন্টিনার পরাজয়কে উদযাপন করেছে। ব্রাজিল যদিও এই জার্মানির কাছে ১-৭ গোলে বিধ্বস্ত হয়েছিল। এই হারের পর স্বাগতিক ব্রাজিলীয়রা মনে-প্রাণে চেয়েছিল চির প্রতিদ্বন্দ্বীরা যেন তাদের মাঠ থেকে বিশ্বকাপের শিরোপা নিতে না পারে। খেলার শুরুতে খোদ কিংবদন্তী ফুটবলার রোনালদোও তার টুইটারে লেখেন- ‘ব্রাজিলের মাঠে আর্জেন্টিনা জিতবে এটা কেমন করে হয়।’ তার অনুভূতিই যখন এইরকম, গড়পড়তা ব্রাজিলীয়রা পুরো রিও ডি জেনিরো জুড়ে আনন্দ-ফুর্তি করবে এটাই তো স্বাভাবিক। শুধু ফাইনালের ভেন্যু রিও ডি জেনিরো নয় পুরো ব্রাজিল জুড়েই ছিল এই উন্মাদনা। অতিরিক্ত সময়ে মারিও গোটজের গোলে জার্মানদের জয় অনেকটাই নিশ্চিত হবার পর থেকেই ব্রাসিলিয়া ও সাও পাওলোতে আতসবাজি ফোটানো শুরু হয়ে যায়। রিওর মারাকানা স্টেডিয়ামের কাছেই একটি পানশালায় ব্রাজিলিয়ান সমর্থকরা চিত্কার করে বলতে থাকে ‘‘কাঁদো! কাঁদো! আর্জেন্টিনা!’’ কোপাকাবানা সৈকতে বিশাল পর্দায় খেলা দেখার পর প্রিয় দলের একেবারে কাছে গিয়েও শিরোপা হাতছাড়ার পর আর্জেন্টাইন সমর্থকরা নীরব নিথর হয়ে যায়। তাদের নীরবতাকে আরো বাড়িয়ে দেয় ব্রাজিলিয়াদের নাচ ও গান। কিছু কিছু ব্রাজিল সমর্থক আবার জার্মান পতাকাও উড়িয়েছে। ৪৫ বছর বয়সী কায়ো ফেরাজ নামক এক ব্রাজিলিয়ান বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আজ জার্মানী জিততে পেরেছে। আজ যদি আর্জেন্টিনা জিততো তবে তাদের সমর্থকরা আমাদের মাটিতে বছরের পর বছর আনন্দ উল¬াস করতো।’ জার্মানী এই জয়ে প্রথম ইউরোপীয়ান দেশ হিসেবে দক্ষিণ আমেরিকায় বিশ্বকাপের শিরোপা জয়ের কৃতিত্ব দেখালো। এরপরও প্রতিবেশী দেশ হিসেবে আর্জেন্টিনাকে সমর্থন করার কোন ইচ্ছাই অধিকাংশ ব্রাজিলীয়র মধ্যে দেখা যায়নি। বরং তারা মুখে জার্মানীর পতাকা এঁকেছে, ইউরোপীয়ান দলটির জার্সি পড়েছে। রিওর অনেক পানশালায় বেশ কিছু ব্রাজিলিয়ান নাগরিক ফ্লেমিঙ্গোর জার্সি পড়ে জার্মানীকে সমর্থন দিয়েছে। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান ও জার্মান সমর্থকরা একে অপরকে জড়িয়ে ধরে। বেশিরভাগ স্বাগতিক সমর্থকের মুখে ছিল একই কথা, ‘আমাদের মাঠ থেকে আর্জেন্টিনা শিরোপা ঘরে নিয়ে যাবে, এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। জার্মানরা আমাদের সেমিফাইনালে বিধ্বস্ত করলেও তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ও শ্রদ্ধা রয়েছে। -বাসস/এএফপি