চাঁদের হাট!

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২০:৪০
বিশ্বজয় হয়ে গেছে, ট্রফি চলে এসেছে নিজেদের দখলে। মারাকানা স্টেডিয়ামও তাই হয়ে উঠলো জার্মানির উত্সবের মঞ্চ। জার্মান খেলোয়াড়দের সাথে যোগ দিলেন স্ত্রী-বান্ধবী ও পুত্র-কন্যারা। রিও ডি জেনিরোতে জার্মান খেলোয়াড়দের পরিবারের জন্য দিনটি ছিল তাদের জীবনেরই অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আন্দ্রে শুরলের বান্ধবী মোন্টানা ইয়র্ক ছিলেন চেলসির তারকার সঙ্গে। বিশ্ব জয়ের পর শুরলে যেমন বলেই দিলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। আনন্দে আমি প্রায় কেঁদেই ফেলেছিলাম। কোনভাবেই নিজেকে থামাতে পারছিলাম না।’ এই শুরলের জোগানো বল থেকেই ১১৩ মিনিটে গোল করে জার্মানিকে চতুর্থবারের মত বিশ্বকাপ এনে দেন মারিও গোটজে। শুরলে বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন হওয়া সব সময়ই আমাদের স্বপ্ন ছিল। জার্মানিতে আমাদের উত্সবটা আরো বড় হবে। বার্লিনে দেখা হবে দেশের সমর্থকদের সাথে।’ শুধু শুরলেই নয়, গোটা জার্মান দলেরই জন্য মারাকানার মাঠ হয়ে উঠেছিল চাঁদের হাট। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার সামি খেদিরার সাথে ছিলেন বান্ধবী লেনা গের্কি। বাস্তেইন শোয়েন্সটেইগারের সাথে ছিলেন তার বান্ধবী সারাহ ব্রেন্ডার। স্ত্রী ম্যান্ডি ক্যাপিস্ট্রোর সাথেই ছিলেন আর্সেনালের মেসুত ওজিল। দিনটি সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে নি:সন্দেহে ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসার জন্য। দীর্ঘ ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপের ট্রফি পেয়ে গেলেন তিনি। সাথে ছিলেন স্ত্রী ও দুই পুত্র।