আর লাইভ করে বিপদে পড়তে চাই না :শহীদ

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২১:০৬
আসন্ন ঈদে রিলিজ পেতে যাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী শহীদের দূরবীন ব্যান্ডের চতুর্থ অ্যালবাম। ‘দূরবীন ৪.০১’ শিরোনামের এ অ্যালবামে মোট ১০টি গান থাকবে। আগামী সপ্তাহে অ্যালবামটি বাজারে আসার কথা নিশ্চিত করেন শহীদ। এ প্রসঙ্গে শহীদ বলেন, ‘ব্যান্ডের অ্যালবাম করা একটি একক অ্যালবামের চেয়ে অনেকগুণে সময় সাপেক্ষ ও কষ্টের ব্যাপার। শেষ পর্যন্ত ঈদের আগেই রিলিজের জন্য প্রস্তুত হতে পেরেছি। আশা করছি এই ঈদে দূরবীনের গানগুলো শ্রোতাদের বাড়তি একটি আনন্দ যোগ করবে।’ অ্যালবামটির বেশিরভাগ গানের কথা ও সুর করছেন শহীদ নিজেই। এখন পর্যন্ত শহীদের দূরবীন ব্যান্ড থেকে তিনটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এটি চতুর্থ অ্যালবাম। আর সেই ধারাবাহিকতায় অ্যালবামের নামকরণ করা হয়েছে। অ্যালবামের ব্যস্ততা ছাড়াও শহীদ ব্যস্ত আছেন তার মিক্সড অ্যালবামের গানগুলো নিয়ে। এই ঈদে চারটি মিক্সড অ্যালবামে গান করেছেন শহীদ। এছাড়া চ্যানেল নাইন, বিটিভি, এনটিভি, বিটিভিসহ বেশকিছু চ্যানেলে ঈদের বিশেষ টিভি অনুষ্ঠানের শুটিং নিয়ে ব্যস্ত আছেন শহীদ। তবে কোনো লাইভে অংশ নেবেন না তিনি। শহীদ বলেন, ‘গতবার লাইভ করাতে আমার পরিবারের সদস্যরা কয়েকদিন আমার সাথে কথা বলেনি। কারণ আমাকে চট্টগ্রাম যেতে হয় সেখানে পরিবারের সবাই থাকে। এবার আর লাইভ করে বিপদে পড়াতে চাই না।’