ইউনিভার্সেল কোম্পানির সাথে চুক্তি গড়তে যাচ্ছেন কণ্ঠশিল্পী পারভেজ

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২১:০৬
এদেশের অন্যতম সুফি গায়ক পারভেজ এবারে বিশ্বখ্যাত অডিও কোম্পানি ইউনিভার্সেল মিউজিকের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। এরই ভেতরে কোম্পানির সাথে কথাবার্তা প্রায় পাকা হয়ে গেছে পারভেজের। নতুন গানের রেকর্ডিংয়ের কাজের পাশাপাশি অনলাইনে পারভেজের গান শুনে মুগ্ধ হয়েই ইউনিভার্সেল কোম্পানি পারভেজকে এই অফারটি দেয়। তবে পারভেজ জানান, ‘এখনও লিখিত চুক্তি যেহেতু করিনি, তাই এই সময়ে অফিসিয়ালি বলতে পারছি না। তবে এটি চূড়ান্ত হলে আমার ক্যারিয়ারের জন্য বিশাল এক প্রাপ্তিযোগ হবে।’ উল্লেখ্য গত কয়েক বছর ধরেই ক্লাসিক্যালসমৃদ্ধ এই সুফি শিল্পী পারভেজ তার অডিও অ্যালবামের পাশাপাশি নিজের গান নিয়ে বিশ্বায়নের চেষ্টা করছেন। নিজের গান আইটিউনস থেকে শুরু করে নিজস্ব লেবেল কোম্পানির মাধ্যমে বিকল্প বাজারজাতকরণের ব্যাপারেও পারভেজ সোচ্চার হয়েছেন। আসছে ঈদে ‘ওয়াদা’ নামের একটি অ্যালবামে টাইটেল গান গেয়েছেন তিনি। এছাড়া বর্তমান সময়ে কোনো প্লে-ব্যাকের ব্যতিক্রমী গান মানেই পারভেজের কণ্ঠ। নিজের গানের ক্যারিয়ারে তবুও মাঝে মাঝ হতাশ হয়ে পড়েন বাস্তব চিত্র দেখে। পারভেজের কথায়, ‘আমরা নিজেরা আয়নার সামনে সত্ না হতে পারলে কখনওই কিছু হতে পারব না। আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি।’ এদিকে আগামী ঈদের জন্য পারভেজের নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন তিনি। এ অ্যালবামে বাংলাদেশের পাশাপাশি ভারতের বিখ্যাত মিউজিশিয়ানরা কাজ করছেন।