আজ এটিএনবাংলা তাদের পথচলার ১৭ বছর পূর্ণ করে ১৮ বছরে পদার্পণ করছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ শ্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। ঐদিন বিশ্বব্যাপী প্রথম বাংলা ভাষার সম্প্রচার ঘটে চ্যানেলটির মাধ্যমে। প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ড. মাহফুজুর রহমান বাংলাদেশের সংস্কৃতি সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেন স্যাটেলাইটের মাধ্যমে। ১৯৯৯ সালের মে মাসে এনালগ থেকে ডিজিটালে রূপান্তরিত হয় এটিএন বাংলা। এরপর শুধুই এগিয়ে যাওয়ার গল্প। ১৬ আগস্ট ২০০১ সংবাদ, আর ২০০২-এর ১ অক্টোবর শুরু হয় ইংরেজি সংবাদ প্রচার। ২০০৩ সালে শুরু হয় প্রতি ঘণ্টার সংবাদ। নিরপেক্ষ সংবাদ প্রচার করে এটিএন বাংলা হয়ে ওঠে দেশের অন্যতম সেরা সংবাদমাধ্যম। সব ধরনের সংবাদ সবার আগে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বরাবরই এগিয়ে থাকার পাশাপাশি দুঃসাহসিক সংবাদ সংগ্রহে কখনও পিছপা হয়নি চ্যানেলটি। শুধু সংবাদ নয়, অনুষ্ঠান প্রচারেও এটিএন বাংলা নিজেকে এগিয়ে রেখেছে।
