সুপার সাবে বিস্ময়

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২১:০৯
ঠিক যেন চার বছর আগের বিশ্বকাপের পুনর্মঞ্চায়ন। মারাকানায় যেন ফিরে এলো সকার সিটি। চার বছর আগের ফাইনালে অতিরিক্ত সময়ে গোল করে নেদারল্যান্ডসের বিপক্ষে দলকে বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসিয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। এবার নেদারল্যান্ডস সেমিফাইনালেই বিদায় নিয়ে নিয়েছে। স্পেন থেমেছে প্রথম পর্বেই। তারপরও টিকে থাকলো চার বছর আগের ঐতিহ্য। এবার আন্দ্রেস ইনিয়েস্তা হয়ে উঠলেন মারিও গোটজে। অবশ্য তিনি ছাড়িয়ে গেছেন আন্দ্রেস ইনিয়েস্তার কীর্তিকেও! এখন কেউ তাকে বলছেন ‘সুপার-সাব’, কেউ আবার বলছে, ‘ফাইনালের নায়ক’। তবে সবচেয়ে মোক্ষম নামটা দিলেন জার্মান কোচ জোয়াকিম লো। তাকে লো বললেন — ‘জার্মানির বিস্ময়বালক’ ফাইনালের আগে পর্যন্ত গোটজের জন্য ব্রাজিল বিশ্বকাপটা সাদামাটাই ছিল। সব মিলিয়ে করেছিলেন মোটে একটা গোল। কিন্তু রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে গত রবিবার সব হতাশা যেন মুহূর্তের মধ্যেই দূর করে দিলেন। বিশ্বকাপটাকে নিজের আলোয় আলোকিত করলেন তিনি। করলেন স্বর্ণালী এক গোল। আর এই গোলেই দুই যুগ পর বিশ্বকাপ জিতলো জার্মানি। বদলি হিসেবে নেমে অতিরিক্ত সময়ের শেষের দিকে অসাধারণ এক গোলে আর্জেন্টিনাকে হারিয়ে জার্মানিকে চতুর্থ বিশ্বকাপ শিরোপা এনে দিলেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড। কি দারুণভাবেই না কোচের আস্থার প্রতিদান দিলেন গোটজে। আরেক বদলি খেলোয়াড় শুরলের থেকে পাওয়া বলটি বক্সের মধ্যে বুক দিয়ে দারুণভাবে নিয়ন্ত্রণ করেন তিনি। এর পর অসাধারণ এক ভলিতে সার্জিও রোমেরোকে পরাস্ত করলেন। ব্যাস, হয়ে গেল ইতিহাস! ১১৩ মিনিটের সেই গোলের পর আর ম্যাচে ফিরে আসতে পারেনি আর্জেন্টাইনরা। তৃতীয় বিশ্বকাপ জয়ের জন্য এখন তাদের আরও চার বছর অপেক্ষা করা ছাড়া অন্য কোন পথ খোলা নেই। গোটা জার্মান দলই এখন মুগ্ধ মারিও গোটজের পারফরম্যান্সে। কোচের পর সতীর্থরাও এখন তার প্রশংসা করছেন। তালিকায় আছেন মিরোস্লাভ ক্লোসাও। এই বিশ্বকাপ দিয়েই রোনালদোকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেয়া এই জার্মান স্ট্রাইকার ম্যাচ শেষে বলেন, ‘প্রথমার্ধ শেষে আমি ওকে বলেছিলাম, আমার ধারণা, আজ রাতে তুমি গোল পাবে। শেষ পর্যন্ত আমার কথাটাই সত্য হল।’ গোটজের জন্যও দিনটি হয়ে থাকবে চির স্মরণীয়। ম্যাচ শেষে সতীর্থ ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি আমার পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই। তারা আমার ওপর বিশ্বাস রেখেছে। আর অবশ্যই আমার সেই সতীর্থদেরও ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে বলেছিল — আজ রাতে তুমি সফল হবে।’