জার্মানি এবং নেদারল্যান্ডের কাছে অপমানজনক পরাজয়ে ব্রাজিল বিশ্বকাপে চতুর্থ স্থান পাওয়ার পর কোচ লুইস ফেলিপ স্কলারিকে ‘বরখাস্ত’ করেছে সেদেশের ফুটবল ফেডারেশন। ব্রাজিলের গণমাধ্যম এ খবর দেয়। গ্লোবো টিভি ও ব্রাজিলের অন্যান্য গণমাধ্যম গতকাল সোমবার এ খবর দেয়। এতে বলা হয় ব্রাজিলকে ২০০২ সালের বিশ্বকাপ জেতানো স্কোলারিকে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বরখাস্ত করে। জার্মানির কাছে সেমিফাইনালে ১-৭ এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হল্যান্ডের কাছে ০-৩ গোলে পরাজয়ের পর স্কলারি জানিয়েছিলেন, নিজের ভবিষ্যত্ তিনি সিবিএফ এর ওপর ছেড়ে দিয়েছেন।সিবিএফ অবশ্য মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে জার্মানির শিরোপা জয়ের কয়েক ঘন্টা পরই জাতীয় দলের কোচ হিসেবে স্কলারির দায়িত্বের সমাপ্তি ঘোষণা করে। স্কোলারি ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপা জয়ী ব্রাজিল দলের কোচের দায়িত্বে ছিলেন। এরপর ২০১২ সালের ডিসেম্বরে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিয়ে ব্রাজিল দলকে গত বছর কনফেডারেশন কাপের শিরোপা এনে দেন তিনি। কনফেডারেশন কাপের শিরোপা জিতলেও এবারের বিশ্বকাপে দল ভাল করতে পারেনি তেমনি মাঠে বাজে কৌশলের জন্যও সমালোচিত হয়েছেন স্কোলারি ও তার দল।
