যাত্রাবাড়ীতে ছেলের সঙ্গে অভিমান করে মায়ের আত্মহত্যা

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২১:৩৫
কলেজ পড়ুয়া ছেলের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন এক মা। সোমবার বেলা দেড়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্র জানায়, দক্ষিণ যাত্রাবাড়ীর ১৭৩/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় রুনা আক্তার (৩৫) তার একমাত্র সন্তান রাকিবুল হাসান সমাদরকে নিয়ে ভাড়া থাকতেন। রুনার স্বামী মোহাম্মদ আলী দক্ষিণ আফ্রিকা প্রবাসী। সমাদর কাজলার ডা. মাহবুবর রহমান কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। সোমবার দুপুরে পড়াশুনা নিয়ে সমাদরের সাথে তার মায়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুনা তার বেডরুমের দরজা বন্ধ করে দেন। কিছু সময় পর সমাদর দরজায় ধাক্কাধাক্কি করার পর কোন সাড়া পায়নি। পরে প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভাঙ্গা হয়। বেডরুমের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে প্যাঁচানো রুনা আক্তারের লাশ ঝুলতে দেখেন তারা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে সমাদর কান্না জড়িত কণ্ঠে বলেন, তিনি বুঝতে পারেননি তার মা অভিমান করে এভাবে পৃথিবী ছেড়ে চলে যাবেন।