আমেরিকার পর লন্ডনে ‘মোস্ট ওয়েলকাম’ জুটি

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২০:৪২
আমেরিকার পর এবার লন্ডনে অবস্থান করছেন সময়ের জনপ্রিয় চলচ্চিত্র তারকা জুটি। আনন্দভ্রমণের পাশাপাশি নিজের ছবির বিপণনের ব্যাপারেও তদারকি করছেন তারা। এ উপলক্ষে সম্প্রতি আমেরিকা থেকে লন্ডনে পৌঁছেছেন ছবির প্রযোজক-পরিচালক ও নায়ক অনন্ত জলিল। তার সঙ্গে রয়েছেন ছবির নায়িকা বর্ষা। লন্ডন থেকে অনন্ত জানান, ঈদে বাংলাদেশের পাশাপাশি আমেরিকা ও ইংল্যান্ডে ছবিটি মুক্তি দেওয়া হবে। আমেরিকায় প্রচারণার পাশাপাশি মুক্তির ব্যাপারে সবকিছু চূড়ান্ত করেছেন। এবার লন্ডনে প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, ‘ইংল্যান্ড-আমেরিকার মতো দেশে বাংলাদেশি ছবির চাহিদা অনেক। ওখানে অনেক বাংলাদেশি প্রবাসী রয়েছেন। তারা দেশীয় সংস্কৃতি, সিনেমা থেকে বঞ্চিত। এসব দেশে যেন বাংলাদেশি ছবি চালাতে পারে সে ব্যাপারে আমি সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। আশা করছি এ প্রক্রিয়া অনুসরণ করে অন্যরা ঢাকার ছবি মুক্তি দিতে পারবে এখানে।’ ছবিটি প্রযোজনা-পরিচালনার পাশাপাশি এতে অনন্ত অভিনয়ও করেছেন। ছবির নায়িকা বর্ষা বলেন, ‘আমেরিকা কিংবা লন্ডনে আমরা যখন ছবির প্রচারণায় এসেছি, তখন দেখেছি এখানকার বাংলাদেশিরা আমাদের ছবির জন্য কীভাবে উন্মুখ হয়ে আছেন। আশা করছি আমাদের আগের ছবিগুলোর মতো এ ছবিটিও দর্শকদের চাহিদার পুরোভাগই পূরণ করবে।’