জাহিদ আকবরের কথায় তরুণ তুর্কী

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২০:৪৪
বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’র জন্য গান লিখলেন জাহিদ আকবর। গানটির সুর ও সংগীত পরিচালনা করলেন ইমরান। তারুণ্যনির্ভর গানটিতে তরুণদের এগিয়ে যাওয়া, স্বপ্ন ও সম্ভাবনার কথা বলা হয়েছে। গানটি লিখেছেন জাহিদ আকবর। ‘সবুজ মনটা ছুঁয়ে আলোর ঠিকানা/লক্ষ্য বুকের মাঝে জয়ের নিশানা...’ শিরোনামের গানটি গেয়েছেন লিজা, কর্নিয়া, পুলক, নির্বাচিতা ও ইমরান। আনজাম মাসুদের গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় ঈদের ‘আনন্দমেলা’য় গানটি প্রচার হবে। জাহিদ আকবর বলেন, ‘নিজের ভালোলাগাগুলো গান লেখা নিয়েই। তবে ঈদের বিশেষ আয়োজনে গান লিখছি—এটা বাড়তি আনন্দ দেয়। সবমিলিয়ে তরুণ সংগীত পরিচালক ইমরান গানটি চমত্কার সুর করেছেন। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’ উল্লেখ্য, এবারের ঈদে আনন্দমেলা ছাড়াও ঈদের বিশেষ অ্যালবাম ‘ওয়াদা’র টাইটেলসহ একাধিক গান লিখেছেন তিনি। ওয়াদা অ্যালবামে জাহিদের কথায় গান গেয়েছেন পারভেজ, কাজী শুভ। এছাড়া এ সময়ের একাধিক চলচ্চিত্রের গানের কাজেও সম্পৃক্ত জাহিদ আকবর। আসছে ঈদে ‘মোস্ট ওয়েলকাম টু’ চলচ্চিত্রের সবক’টি গান লিখেছেন তিনি।