কফিনে নড়ে উঠল ‘মৃত শিশু’
ফিলিপাইনে মৃত ঘোষিত তিন বছর বয়সী একটি মেয়ে শিশু শেষকৃত্যের প্রস্তুতি চলার সময় হঠাত্ কফিনের ভেতরে নড়ে ওঠে। শেষকৃত্য শুরুর একটু আগে এক প্রতিবেশী কফিনের ঢাকনা খুলে দেখেন শিশুটির মাথা নড়ছে। সঙ্গে সঙ্গেই তাকে বের করে আনা হয় কফিনের ভেতর থেকে। অথচ একদিন আগেই হাসপাতালে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছিল। কফিন থেকে তুলে আনার সময় শিশুটি খুব দুর্বল থাকলেও তার শ্বাস-প্রশ্বাস চলছিল। একটি কাপড়ে জড়িয়ে তাকে বের করে আনা হয়। শিশুটি খুব সম্ভবত কোমায় ছিল বলে পুলিশী পর্যবেক্ষণের ভিত্তিতে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ পত্রিকা। —বিডিনিউজ
মালয়েশিয়ায় অভিবাসী নৌকা ডুবে
মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলে মঙ্গলবার অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা ডুবিতে কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে এবং অপর ১৮ জন নিখোঁজ রয়েছে। নৌকাটিতে ইন্দোনেশিয়ার অবৈধ অভিবাসীদের বহন করা হচ্ছিল। নৌবাহিনীর এক কর্মকর্তা একথা জানান। ‘পবিত্র রমজানের শেষে খুশির ঈদ পালনে অবৈধ অভিবাসীদের বহন করা নৌকাটি ইন্দোনেশিয়ায় ফিরছিল।’ তিনি আরো জানান, সোমবার রাতে এ দুর্ঘটনার পর ৫৯ জনকে উদ্ধার করা হয়েছে। —এএফপি
সুইজারল্যান্ডে বন্যা ও ভূমিধস
সুইজারল্যান্ডে প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও বন্যায় রাজধানী বার্নের কাছে রেল ও সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে। কর্তৃপক্ষ রোববার একথা জানায়। সুইস ফেডারেল রেলওয়েজ জানায়, একটি ভূমিধসের কারণে বার্ন ও পশ্চিমাঞ্চলীয় ফ্রিবুগের মধ্যকার ট্রেন যোগাযোগ বিঘ্নিত হয়। এছাড়া বন্যার কারণে বার্ন ও থুন শহরের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজধানী বার্নের কাছাকাছি মন্ট্রে ও জোয়েইসিমের মধ্যবর্তী রেল লাইনের ওপর অপর একটি ভূমিধসের কারণেও রেল যোগাযোগ বিঘ্নিত হয়। কোম্পানি জানায়, তারা যাত্রীদের ওপর এসব ঘটনার প্রভাব কমাতে দুর্ঘটনা-কবলিত এলাকাগুলোতে ট্রেনের পরিবর্তে বাস সার্ভিসের ব্যবস্থা করে। —এএফপি
