রোমান গ্ল্যাডিয়েটররা যেমন প্রতিপক্ষের ছিন্ন মস্তক উঁচিয়ে ধরতেন দর্শকদের উদ্দেশ্যে, ফিলিপ লাম ঠিক তেমন গর্ব, ঔদ্ধত্য আর আনন্দ নিয়ে ট্রফিটা তুলে ধরলেন। ব্রান্ডেনবার্গ গেটে সমবেত প্রায় লাখ তিনেক সমর্থক গগনবিদারী উল্লাসে জানান দিলেন তাদের আনন্দের কথা। শিরোপা নিয়ে গতকাল মঙ্গলবার দেশে ফেরার পর দেশের মানুষের সাথে জার্মান দলের প্রথম সরাসরি যোগাযোগটা ছিল এমনই। যেখানে কোচ-খেলোয়াড় আর সমর্থকরা যেন শিরোপা জয়ের আনন্দে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন।
মঞ্চে উঠে, মাইক হাতে পেয়েই জোয়াকিম লো যেন বললেন সেই কথাটাই। জার্মান কোচ বললেন, কেবল খেলোয়াড়, কোচ, ফেডারেশন কিংবা জার্মানরা নয়, এই বিশ্বকাপ শিরোপা সারা বিশ্বের প্রতিটি জার্মান সমর্থকের। তিনি বলেন, ‘আমরা সবাই চ্যাম্পিয়ন। ভক্তদের সামনে (ট্রফি নিয়ে) উপস্থিত হতে পেরে দারুণ খুশি আমরা।’
সমর্থকদের ধন্যবাদ জানালেন লামও। ৩০ বছর বয়সী জার্মান অধিনায়ক বলেন, ‘কি অদ্ভুত সুন্দর একটা পরিবেশ। প্রত্যেককে আমার প্রাণঢালা ভালোবাসা।’
কালো রংয়ের টি শার্ট গায়ে দেয়া ছিলেন কোচ-খেলোয়াড় সবাই। টি শার্টের সামনে বড় করা লেখা ‘ওয়ান’। অর্থাত্, আমরাই বিশ্বসেরা।
যাদেরকে বিধ্বস্ত করে ফাইনালে পৌঁছা, সেই ব্রাজিলকে তাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে মঞ্চে বিশাল এক ব্যানার নিয়ে ওঠে জার্মান দল। যেখানে লেখা ছিল, ‘ওব্রিগাদো ফ্যানস’। অর্থাত্ তোমাদের ধন্যবাদ। পাশাপাশি আরেকটি পোস্টারে লেখা ছিল, ‘চতুর্থবারের মতো শিরোপা জিতেছি আমরা।’
