৪৭ লাখ টাকা ছিনতাই ঘটনায় গ্রেফতার ৪

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২১:৩৮
রাজধানীর গুলশানে ৪৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- মাহাবুবুল আলম, বাদশা মিয়া, মাসুদ রানা এবং নয়ন দারিয়া। এদের কাছ থেকে ছিনতাই করা টাকার মধ্যে ৫ লাখ ১২ হাজার টাকা এবং ১ লাখ ৩৯ হাজার ভারতীয় রূপি, ছিনতাইয়ের কাজে ব্যবহূত ২টি মোটর সাইকেল, বিভিন্ন ব্যক্তির ব্যাংকের চেকবই ও জাতীয় পরিচয়পত্র, একটি ব্যাংকের সীল মোহর উদ্ধার করা হয়েছে। র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান জানান, গত ১ জুলাই গুলশানের নিকেতন এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারীরা অস্ত্র প্রদর্শন ও ছুরিকাঘাতের মাধ্যমে লোকনাথ মানি এক্সচেঞ্জের প্রোপ্রাইটার সাইফুল ইসলাম সবুজের কাছ থেকে ৪৭ লাখ টাকা লুট করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঘটনায় জড়িতদের ধরতে র্যাব অভিযান চালিয়ে আসছিল। মঙ্গলবার সকালে র্যাব-১-এর মেজর আসিফ কুদ্দুস ও সিনিয়র এএসপি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল মিরপুর এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করে। আসামি মাহাবুবুল আলম ও বাদশা মূল ছিনতাইকারী এবং মাসুদ ও নয়ন ছিনতাইকাজে বিভিন্ন তথ্য এবং অন্যান্য সহায়তা করেছিল।