৩শ’ কোটি টাকা আত্মসাত্ মামলায় কোম্পানির মালিক গ্রেফতার

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২১:৩৮
প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা চার মামলার আসামি বে-ইয়ার্ন কোম্পানির মালিক গোলাম মহিউদ্দিন আহম্মেদ ভূঁইয়াকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুর একটার দিকে রাজধানীর পুরানা পল্টন থেকে দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। গ্র্রেফতারের পর গোলাম মহিউদ্দিনকে রমনা থানায় রাখা হয়। উল্লেখ্য, প্রাইম ও প্রিমিয়ার ব্যাংকের প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় গোলাম মহিউদ্দিনের বিরুদ্ধে ২০১৩ সালের ৩ নভেম্বর মতিঝিল থানায় চারটি মামলা দায়ের করে দুদক। দুদক সূত্র জানায়, গোলাম মহিউদ্দিন বিসমিল্লাহ গ্রুপের বিরুদ্ধে দায়েরকৃত ঋণ জালিয়াতি মামলারও এজাহারভুক্ত আসামি । তিনি ভুয়া ও অস্তিত্বহীন বে-ইয়ার্ন নামক প্রতিষ্ঠান দেখিয়ে প্রাইম ও প্রিমিয়ার ব্যাংকের মতিঝিল শাখা থেকে ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে কোনো রকম পণ্য সরবরাহ না করে প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাত্ করেছেন।