একটা গুঞ্জন বাতাসে উড়ছে যে, কোচ চান্দিকা হাতুরুসিংহে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করবেন সাকিব আল হাসানের শাস্তি পুনর্বিবেচনা করার জন্য। সে অনুরোধ কোচ করবেন কি না, সেটা পরিষ্কার করে বললেন না কোচ। গতকাল অনুশীলনশেষে বাংলাদেশ জাতীয় দলের কোচ হাতুরুসিংহে বললেন, এই অনুরোধ করা বা না করা একান্তই ভেতরের ব্যাপার; এটা নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না। তবে এটুকু পরিষ্কার করে দিলেন যে, সাকিবকে নিয়েই ভাবনায় নেই তিনি। কোচ আসলে পুরো দল নিয়েই ভাবতে চান।
ভারতের বিপক্ষে অপ্রত্যাশিত হার এবং সাকিব আল হাসানের সঙ্গে বিতর্কের জের ধরে তার নিষেধাজ্ঞা—শুরুটা খুব ভালো হয়নি কোচ হাতুরুসিংহের। তবে তিনি আশাবাদী যে ওয়েস্ট ইন্ডিজ সফরে একেবারে তরতাজা একটা শুরু করে ভালো ফল পাওয়া সম্ভব।
তবে এই সফরের চেয়েও বেশি আলোচনায় এলো সাকিবের প্রসঙ্গ। প্রশ্ন উঠলো, সাকিবকে ছাড়া দল দুর্বল হয়ে পড়বে কি না। এ কথা কিছুতেই মানতে চাইলেন না কোচ, ‘এটা বলা বাকীদের প্রতি অন্যায় হবে। দলে আরও অনেকে খেলছে। এটা বাংলাদেশ দল। এখানে যেই আসুক, এই পর্যায়ে যোগ্য বলেই আসবে।’
এমনকি সাকিবের শাস্তির ব্যাপারেও খুব নৈর্ব্যক্তিক থাকার চেষ্টা করলেন বাংলাদেশের এই লঙ্কান কোচ, ‘বোর্ড একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি বোর্ডের কাজ করি। আমাকে বোর্ডের সিদ্ধান্ত মেনে নিতে হবে। আমার দায়িত্ব খেলোয়াড়দের ও দলের কিসে উন্নতি হয়, সেটা নিয়ে ভাবা। সে জন্য আমি আমার সর্বোচ্চটাই করবো।’
এরপর পরিষ্কার করেই প্রশ্ন উঠলো, সাকিবের শাস্তি পুনর্বিবেচনা করার অনুরোধ করবেন কি না তিনি। এবার আরও কূটনৈতিক উত্তর দিলেন কোচ, ‘এটা একেবারেই ভেতরের ব্যাপার। আমি এটা নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাই না। আমরা যা করছি, সেটা বুঝেই করছি। জাতীয় দল ও ব্যক্তি খেলোয়াড়ের উন্নতির জন্যই সব করা হচ্ছে। বাংলাদেশ দলের উন্নতির জন্য যা দরকার, তাই করবো আমরা।’
