অভিনয়ের প্রতি জাতীয় চলচ্চিত্র পুরসড়ারপ্রাপ্ত চিত্রনায়িকা নিপুণের ভালোবাসাটা একটু অন্যরকমই বলা যায়। নিজের প্রতিভার জানান দেওয়া যায় এমন চরিত্র পেলে তিনি সহজেই তা গ্রহণ করেন। সেটা চলচ্চিত্র হোক কিংবা নাটক। সম্প্রতি অভিনয় করলেন আসছে ঈদে প্রচারিতব্য সময়ের আলোচিত নির্মাতা মাসুদ সেজানের পরিচালনায় 'ফরমাল-ইন' শিরোনামের একটি ধারাবাহিক নাটকে। এই নাটকের গল্প ও নিপুণের বর্তমানের ব্যসত্মতা নিয়ে এবারের এবারের মূলফিচার। লিখেছেন খালেদ আহমেদ
নিপুণ যে শুধু নিজেকে চলচ্চিত্রের মধ্যেই ধরে রেখেছেন তা কিন্তু নয়। রুপালি পর্দায় অভিনয়ের পাশাপাশি তিনি নাটক, বিজ্ঞাপনসহ সব ধরনের কাজই করে যাচ্ছেন। তার ভাষায়, ‘নিজেকে কখনোই আমি বৃত্তের মধ্যে বেঁধে রাখতে চাইনি। নাটকে অভিনয় করলে নাকি চলচ্চিত্রে চাহিদা থাকে না। এটা আমি কখনোই বিশ্বাস করতাম না। আমি দিব্যি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাটক, বিজ্ঞাপন করে যাচ্ছি। সাংস্কৃৃতিক অঙ্গনের প্রতিটি শাখায় নিজের বিচরণ ঘটাতে চাই আমি। তবেই না অভিনয়ের পূর্ণ স্বাদ পাব।’ ২০০৮ সালে শাহ আলম কিরণ পরিচালিত ‘সাজঘর’ ও ২০০৯ সালে মোহাম্মদ হোসেনের ‘চাঁদের মতো বউ’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নিপুণ। এত অল্প সময়ে যার এত অর্জন তার অনুভূতি কী রকম? ‘মাঝেমধ্যে আমার নিজের কাছেই অবাক লাগে অভিনয়ে নিজের অবস্থান দেখে। একমাত্র আমার বড়বোন ছাড়া আর কেউ-ই ভাবেনি আমি বিনোদন জগতে নিজেকে তুলে ধরতে পারব। আমার নাচ দেখে আপু সব সময় বলতেন, তুই অভিনয় কর, দেখবি অনেক ভালো করবি। আপুর কথায় আমি শুধু হাসতাম। ক্যারিয়ারের শুরু থেকেই আমি ভালো গল্পের ছবিতে অভিনয় করার চেষ্টা করেছি। হয়তো এ জন্যই এত তাড়াতাড়ি আমি দর্শকদের মনে স্থান পেয়েছি। দুইবার দেশের সর্বোচ্চ পুরস্কার পেয়েছি। এটা অবশ্যই আমার জন্য একটা বিরাট ব্যাপার। আমি মনে করি, এ স্বীকৃতি অভিনয়ের প্রতি, যা চলচ্চিত্রের প্রতি আমার দায়বদ্ধতা অনেকখানি বাড়িয়ে দিয়েছে।’
নিপুণ সম্প্রতি অভিনয় করলেন আসছে ঈদে প্রচারিতব্য সময়ের আলোচিত নির্মাতা মাসুদ সেজানের পরিচালনায় ‘ফরমাল-ইন’ শিরোনামের ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকে। এই নাটকে তিনি জনপ্রিয় অভিনেতা ও পরিচালক জাহিদ হাসানের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন। নাটকে আরও অভিনয় করেছেন মিশু সাব্বির, সোনিয়া ইসলাম, শামীমা নাজনীন, মিলন ভট্টাচার্য, মকবুল সিরাজ প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, জাহিদ হাসান গ্রামের সহজ সরল ছেলে। তিনি ঢাকায় আধা সরকারি অফিসে চাকরি করেন। তার স্ত্রী নিপুণ পুরোদস্তুর গৃহিণী। তার বাসায় বোনের নাম সোহেলী থাকে। জাহিদ হাসানের সরলতা, বোকামির কারণে অফিসে অন্য সবার প্রমোশন হলেও তার হয় না। তার ইমেডিয়েট বস দিলশাদ আপার পরামর্শে জি এম স্যারকে ফরমালিনমুক্ত তাজা কাতল মাছ ঘুষ দিতে যান। দুর্ভাগ্যবশত ঘুষ দিতে গিয়ে তার চাকরি চলে যায়। তিনি তখন বুঝতে পারেন দিলশাদ আপা তার সাথে চালাকি করেছেন। এরপর থেকে তিনি সিদ্ধান্ত নেন যে, আর বোকা থাকা যাবে না। জীবনে কিছু করতে হলে চালাক হতে হবে। তাই একটা চালাকি করতে গিয়ে আবার বোকার মতো কাজ করে বসেন। এভাবে নাটকের গল্প এগিয়ে যাবে। শেষ পর্যন্ত জাহিদ হাসান চালাক হতে পারবেন কি না তা জানতে দেখতে হবে বাংলাভিশনের প্রচারিতব্য ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘ফরমাল-ইন’। এই নাটকে নিজের চরিত্র নিয়ে নিপুণ বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম ডেইজি। আমি গৃহিণী হলেও বেশ স্বামী জাহিদ হাসানের সাথে মজার কিছু কাণ্ড করি। সব মিলিয়ে ভালো লেগেছে এরকম একটি চরিত্রে অভিনয় করতে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে নাটকটি।’ নাটকের পরিচালক মাসুদ সেজান বলেন, ‘সমসাময়িক ঘটনা এবং আমাদের চারপাশের চেনা চরিত্রগুলো নিয়ে ‘ফরমাল-ইন’-এর গল্প বলা হয়েছে। আমার বিশ্বাস করি, আমার নাটকের যারা নিয়মিত দর্শক তারা ‘ফরমাল-ইন’-এর মধ্য দিয়ে আরও একটি নতুন বিনোদন স্বাদ গ্রহণ করতে পারবেন।’ এদিকে নিপুণ চিত্রনায়ক বাপ্পারাজের পরিচালনায় ‘কার্তুজ’ ছবির কাজ শেষ করেছেন। এই ছবিতে তার বিপরীতে আছেন সোহান খান। মোহাম্মদ হোসেন পরিচালিত ‘আই ডোন্ট কেয়ার’ ছবির আউটডোর শুটিংয়ের কাজও শেষ করেছেন তিনি। এই ছবিতে তার বিপরীতে আছেন বাপ্পী ও আদি। প্রতিটি ছবি নিয়েই নিপুণ যথেষ্ট আশাবাদী। নিপুণ সর্বশেষ সনক মিত্রের পরিচালনায় গন্ধরাজ হেয়ার অয়েলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। সময়ের বিবর্তনে কাজ নিয়ে এখন নতুন নতুন ভাবনার ডালপালা প্রসারিত হচ্ছে তার মনে। এ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘আমার মনে হয়, এখন আমার কাজ নিয়ে আরও সচেতন হওয়া উচিত। আর আমি এখন তাই করছি। ক্যারিয়ারের এই সময়ে এসে আমি আমার চরিত্রে কোনো রিপিটেশন চাই না। এখন একটি স্ক্রিপ্ট পাওয়ার পর দেখি সেখানে নিজের অভিনয়ের কতটা সুযোগ রয়েছে। এখন আমি আসলে একটু ভিন্ন ভিন্ন চরিত্রই খুঁজি। এই সময়ে এসে গতানুগতিক কাজ করতে কোনো ইচ্ছেই আর করে না। আমার মনে হয়, যারা আমার অভিনয় পছন্দ করেন, তারাও নিশ্চয় চান, আমি নতুন নতুন চরিত্রে তাদের সামনে হাজির হই। আমি যেহেতু দর্শকদের জন্য কাজ করি, নিজের আনন্দ থেকে কাজ করি—তাই দর্শকদের নতুন কিছু দেওয়ার চেষ্টাটা এখন থেকে আরও জোরালো হবে।’
