প্রবাসী শিল্পী মালার দ্বিতীয় একক অ্যালবাম ‘এ কী আজব কারখানা’ এবারের ঈদে আসছে। এটি বাজারজাত করবে বাংলাদেশের একটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান। ঈদের এক মাস পর অ্যালবামটি কলকাতার সারেগামা থেকে ওপার বাংলায় প্রকাশ হবে। মালার প্রথম একক অ্যালবাম ২০১১ সালে ফুয়াদের সুর-সংগীতে স্বনামে প্রকাশ হয়েছিল। এবারের অ্যালবামে লালন সাঁইজি, শাহ আবদুল করিম, আব্বাস উদ্দিন, শচীন দেব বর্মণ এবং দুর্বিন সাঁইয়ের গান থাকছে। সংগীতায়োজন করেছেন অর্ণব, সামির ওবায়েদ এবং অস্ট্রেলিয়ান সংগীতশিল্পী জেমস হডসন।
‘এ কী আজব কারখানা’ অ্যালবামে গান রয়েছে মোট নয়টি। এর মধ্যে পান্থ কানাই ও অর্ণবের সঙ্গে দুটি দ্বৈত গান গেয়েছেন মালা। গানগুলোর শিরোনাম ‘জাত গেলো’, ‘কে যাস রে’, ‘ও আমার দরদী’, ‘মিলন হবে’, ‘নদীর কুলে লাগি’, ‘শোনো গো’, ‘নামাজ আমার’, ‘পাগল ছাড়া’ এবং ‘কুলহারা’। অ্যালবামের মাস্টারিং করেছেন সংগীতশিল্পী বুনো। দ্বিতীয় অ্যালবাম নিয়ে মালা বলেন, ‘দুই বছর ধরে অ্যালবামটির কাজ করেছি। এবারও শ্রোতাদের নতুন ঢঙের কিছু গান উপহার দেওয়ার চেষ্টা করেছি। রোজায় অ্যালবামটি প্রকাশের ইচ্ছে আছে। গানগুলো দেশের সব মুঠোফোন প্রতিষ্ঠানে পাওয়া যাবে।’
