এবার দুলহানিয়া

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২০:০৮
আলিয়া ভাট খুব কম সময়ের মধ্যে বেশ এগিয়ে গেছেন। অভিনীত তিনটি ছবি মুক্তি পেয়েছে তার। তিনটি ছবিতেই বাজিমাত করেছেন নতুন প্রজন্মের সুন্দরী, মেধাবী এই অভিনেত্রী। সবার মন ছুঁয়ে গেছে আলিয়ার চমত্কার প্রাণবন্ত অভিনয়, সৌন্দর্য। সর্বোপরি সব ধরনের চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার অপূর্ব ক্ষমতা রয়েছে তার। এই মুহূর্তে তরুণ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে সাফল্যের এবং যোগ্যতার বিচারে চমত্কার উজ্জ্বল অবস্থানে রয়েছেন তিনি। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে তার আরও একটি নতুন ছবি। আলিয়ার নতুন ছবি এবং ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন এরই মধ্যে সিনেমায় প্লেব্যাক করে নিজের গায়িকা প্রতিভার প্রমাণ দিয়েছেন আলিয়া ভাট। প্রথম গেয়েছেন ‘হাইওয়ে’ ছবিতে। এ ছবির নায়িকাও তিনি। ‘হাইওয়ে’ ছবিতে ‘সুহা সুহা’ গানটি গেয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছেন আলিয়া। আবারও নিজের সংগীত প্রতিভার প্রমাণ দিলেন তিনি। তার অভিনীত নতুন ছবি ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’তে আবার তিনি গানে কণ্ঠ দিয়েছেন। ইতোমধ্যেই আলিয়ার গাওয়া ‘সামঝাওয়া’ গানটির ভিডিও টিভি পর্দায় চলে এসেছে। বেশ দরদ দিয়ে গানটি গেয়েছেন তিনি। এবারও তার গানে মুগ্ধ শ্রোতা-দর্শক। অল্প কিছুদিন আগে ‘এক ভিলেন’ ছবিতে ‘গালিয়াও’ গানটি গেয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন নতুন প্রজন্মের আরেক সফল অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। অনেকেই শ্রদ্ধা কাপুরের সঙ্গে আলিয়ার সংগীত প্রতিভার তুলনা করছেন। যা তাকে বিব্রত এবং ক্ষুব্ধ করেছে। সম্প্রতি নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আলিয়া ভাট বলেন, ‘অন্য কাউকে টেক্কা দিতে কিংবা নিজেকে বিশেষভাবে জাহির করতে আমি গান গাইছি না। আমার কাজ হলো অভিনয়, গান গাওয়াটা হচ্ছে সখের বশে এবং অন্যদের চাপে। শ্রদ্ধা কাপুর কেন গাইছে আমি জানি না, এ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’ ১৯ বছর আগে দুলহানিয়া সেজে বলিউডে দারুণ সাড়া জাগিয়েছিলেন অভিনেত্রী কাজল। আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ আজও মনে রেখেছে সবাই। বলিউডের ইতিহাসে একটি দুর্দান্ত ব্যবসাসফল জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিটি। অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল এ ছবিটির রিমেক নির্মিত হবে। কেউ কেউ ছবিটির সিক্যুয়াল তৈরির কথাও বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি। তবে প্রযোজক করণ জোহর পরিচালক শশাঙ্ক খাইতানকে দিয়ে নির্মাণ করেছেন ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিটি। এক জোড়া তরুণ-তরুণীর প্রেম-ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক জটিলতা, মিলনের পথে বাধা সৃষ্টি, চরম নাটকীয়তা এবং অবশেষে মধুর মিলনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ ছবির কাহিনী। যাতে ১৯ বছর আগের সাড়া জাগানো হিন্দি সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র অনেকটা প্রভাব রয়েছে। কাজলের পর আরেক দুলহানিয়া হয়ে আসছেন আলিয়া ভাট এ ছবিতে। আগের ছবিটিতে দুলহানিয়া কাজল ছিলেন একজন পাঞ্জাবি তরুণী। এবার হাম্পটি শর্মার দুলহানিয়া ‘কাব্য’ আলিয়াও পাঞ্জাবি মেয়ে। ইতোমধ্যে এ ছবির ব্যাপক প্রচারণার সুবাদে নয়া দুলহানিয়া আলিয়াকে নিয়েও দর্শক মনে শুরু হয়েছে চাঞ্চল্য। এ ছবির নাচ-গান-অভিনয়ের ক্লিপস দেখে সবাই দারুণ আগ্রহী হয়ে উঠেছেন। বিশেষ করে ছবির নায়ক-নায়িকা বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটের মধ্যেকার চমত্কার রসায়ন সবাইকে আলাদাভাবে আকৃষ্ট করেছে। বরুণ এবং আলিয়া উভয়েরই রুপালি পর্দায় অভিষেক ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে। সেখানে তারা জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন। দ্বিতীয় বারের মতো বরুণের সঙ্গে প্রেমিকার চরিত্রে অভিনয় করতে গিয়ে আলিযা আগের চেয়ে অনেক ফ্রি হয়েছেন। সহজ সাবলীলভাবে গভীর প্রণয়ের দৃশ্যেও অভিনয় করেছেন। তাদের দু’জনের বেশ কয়েকটি চুম্বন দৃশ্য রয়েছে এ ছবিতে। সব মিলিয়ে নতুন দুলহানিয়া-রূপী আলিয়া ভাট ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে দর্শকদের জন্য নানা চমক নিয়ে আসছেন। দর্শক আলিয়াকে দুলহানিয়া রূপে সাদরে গ্রহণ করবেন বলে আশা করছেন এ ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাই। এ পর্যন্ত আলিয়া অভিনীত তিনটি ছবি মুক্তি পেয়েছে। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘হাইওয়ে’ এবং ‘টু স্টেটস’—অভিনীত তিনটি ছবিতে তাকে একক নায়িকারূপে দেখা গেছে। লক্ষণীয় ব্যাপার হলো তার অভিনীত মুক্তিপ্রাপ্ত তিনটি ছবিতে ভিন্ন ভিন্ন ইমেজের চরিত্রে দেখা গেছে। একটির সঙ্গে অন্যটির কোনো মিল না থাকলেও অভিনীত প্রতিটি ছবিতেই আলিয়ার অনবদ্য অভিনয় দর্শক-সমালোচক সবাইকে আলোড়িত করেছে। অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেই অনেক সম্ভাবনা ও প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছেন তিনি। ‘হাইওয়ে’ ছবিতে তাকে মেকআপ-বিহীন ন্যাচারাল লুকে দেখা গেছে। অভিনীত তিনটি ছবির বাণিজ্যিক সাফল্যও আলিয়াকে অনেকটা আত্মবিশ্বাসী করেছে। এরই মধ্যে ১০০ কোটি রুপি ক্লাবের তারকা হিসেবে গণ্য হয়েছেন ‘টু স্টেটস’ ছবির মাধ্যমে। এবার তার ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ও বক্স অফিস কাঁপানো ব্যবসা করবে বলে বলিউডের ব্যবসা বিশেষজ্ঞরা ধারণা করছেন। তিনটি ছবির বিরাট সাফল্য আলিয়াকে সুপারস্টারে পরিণত করেছে। ২১ বছর বয়সী এই মেধাবী অভিনেত্রীকে নিয়ে বলিউডে যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তা আগামীতে আরও বাড়বে। শীর্ষ নায়িকা হওয়ার মতো অনেক যোগ্যতা তার মধ্যে রয়েছে, এখন এগুলোকে যথাযথভাবে কাজ লাগাতে পারলে আলিয়াকে ঠেকিয়ে রাখা যাবে না।