আজকাল ছোটপর্দায় বলিউড তারকাদের বিচরণ সাধারণ, স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। বলিউড তারকারা প্রতি সপ্তাহে তাদের অভিনীত নতুন ছবির প্রচারণায় বিভিন্ন রিয়েলিটি শো, কমেডি শো, ট্যালেন্ট হান্ট শো এমনকি জনপ্রিয় হিন্দি সিরিয়ালে হরদম হাজির হচ্ছেন। এ ছাড়া বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারকের আসনে কিংবা সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে বলিউড তারকাদের। সুপারস্টার অমিতাভ বচ্চন বড়পর্দার পাশাপাশি গত ১৪ বছর ধরে দারুণ জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ উপস্থাপনা করে যাচ্ছেন। তার আকর্ষণীয় উপস্থাপনাগুণে অনুষ্ঠানটি ঘরে ঘরে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। যখন সনি টিভি চ্যানেলে অমিতাভের ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানটি চলে তখন কোটি কোটি দর্শক বেশ মনোযোগ দিয়ে তা দেখেন। আগামী, কিছুদিনের মধ্যে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন সিজন শুরু হচ্ছে। দর্শক টিভি পর্দায় আবার, অমিতাভের দুর্দান্ত উপস্থাপনা উপভোগের অপেক্ষা করছেন। তবে এরমধ্যে ছোটপর্দায় একটি সিরিয়ালে প্রধান তারকারূপে আবির্ভূত হতে যাচ্ছেন অমিতাভ বচ্চন। জনপ্রিয় চ্যানেল সনিতে তার অভিনীত একটি মিনি সিরিজ ‘ইয়ুধ’-এর প্রচার শুরু হবে অল্প কিছুদিনের মধ্যে। ছোটপর্দায় উপস্থাপনা করলেও এই প্রথমবারের মতো অভিনয় করছেন অমিতাভ। এখানে গল্পের কেন্দ্রবিন্দুতে থাকছে তার অভিনীত যুধিষ্ঠির ওরফে ইয়ুধ চরিত্রটি। একজন বয়স্ক মানুষের ঘরে বাইরে উভয় জগতে নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব-সংঘাত নিয়ে ‘ইয়ুধ’ সিরিয়ালের কাহিনী আবর্তিত হবে। খুব দীর্ঘ হবে না সিরিয়ালটি। এর নির্মাতা হিসেবে রয়েছেন বলিউডের খ্যাতনামা পরিচালক-প্রযোজক অনুরাগ কাশ্যপ। সিরিয়ালটি পরিচালনা করছেন সুজিত সরকার। যিনি এর আগে ‘ইয়াহা’, ‘ভিকি ডোনার’, ‘মাদ্রাজ ক্যাফে’ প্রভৃতি হিন্দি ছবি পরিচালনা করেছেন। জানা গেছে, আমেরিকান ড্রামা সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর অনুকরণে নির্মিত হয়েছে অমিতাভ বচ্চন অভিনীত নতুন এই ড্রামা সিরিয়ালটি। আরও চমকপ্রদ তথ্য হলো, ‘ইয়ুধ’ সিরিয়ালে অভিনয়ের জন্য কোনো মেকআপ নেননি অমিতাভ বচ্চন। ৭১ বছর বয়সী শতাব্দীর সেরা সুপারস্টার এই অভিনেতাকে মেকআপ নিতে বারণ করেছেন পরিচালক-প্রযোজক অনুরাগ কাশ্যপ। এ প্রসঙ্গে অমিতাভ বলেন, ‘পরিচালক চেয়েছিলেন এই সিরিয়ালে আমার মুখাবয়ব যেন পুরোপুরি সত্যিকারের জীবনের মতো হয়। তার এই ভাবনা চরিত্রটি চিত্রণে একটা নতুন মাত্রা এনে দিয়েছে। সম্প্রতি ‘ইয়ুধ’ সিরিয়ালের প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। এই সিরিয়ালে অমিতাভ বচ্চনের সঙ্গে বলিউডের আরও বেশ কয়েকজন নওয়াজ উদ্দিন সিদ্দিকী, কে কে মেনন, জাকির হুসেন, তিশমাংশু ঢুলিয়া প্রমুখ গতানুগতিক পারিবারিক সেন্টিমেন্ট-নির্ভর হিন্দি ড্রামা সিরিয়ালের ভিড়ে দর্শকদের জন্য ভিন্নতার নতুন স্বাদ নিয়ে আসছে ‘ইয়ুধ’ সিরিয়ালটি। ছোটপর্দার জন্য কাজ করতে গিয়ে অমিতাভ কোনোভাবেই হালকা মনোভাব নিয়ে কাজ করেননি ‘ইয়ুধ’ সিরিয়ালে। কোথাও কোনো আপস করেননি। ‘ইয়ুধ’ সিরিয়ালের একটি নাটকীয় স্ট্যান্ট দৃশ্যে ডামির সাহায্য ছাড়াই শুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন তিনি কিছুদিন আগে।
