উপস্থাপনে অনন্য

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২০:০৯
নিজের সৌন্দর্য এবং মেধার দ্যুতি ছড়িয়ে হেঁটে চলছেন মিডিয়ার পথ ধরে। তিনি সামিয়া মুন। মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা হিসেবে কম সময়ে সমান জনপ্রিয় এই অভিনেত্রী সর্বশেষ যোগ দেন যমুনা টিভির নিয়মিত অনু্ষ্ঠান ‘শোবিজ টু নাইট’-এ। শোবিজ সংক্রান্ত নানা তথ্য নিয়ে এবং শোবিজের নানা মজার মজার খবর নিয়ে প্রতিদিন তিনি উপস্থিত হন যমুনা টিভির পর্দায়। তার গল্প লিখেছেন রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন তাহের মানিক সামিয়া মুনের মিডিয়া জগতে আসাটা হঠাত্ করেই। ২০১১ সালে নিতান্তই শখের বসে অংশ নেন চ্যানেল আইয়ের ‘ভিট চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায়। অনেক আগে থেকে র্যাম্প মডেল হওয়ার শখ থেকেই এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। প্রচুর প্রতিযোগীর মধ্যে সেরা ২০-এ স্থান হয় তার। ধীরে ধীরে একসময় সেরা ৬-এ পৌঁছে যান তিনি। নির্বাচিত হন ‘ভিট মিস বিউটিফুল স্কিন’। এই প্রতিযোগিতা সম্পর্কে বলতে গিয়ে মুন বলেন, ‘নতুন পরিবেশে ২০ জন নতুন মেয়ের সাথে একসাথে থাকার অভিজ্ঞতা ছিল অসাধারণ। প্রত্যেকেই প্রতিভাময়ী ছিল তাই প্রত্যেকেই ভিন্ন পরিবেশ থেকে এলেও এই প্রতিযোগিতা থেকে অনেক শিখেছি আমি। এছাড়া প্রতিযোগিতার মডেলিং ও ক্যাটওয়াক শেখানোর সেশনগুলো অনেক শিক্ষণীয় ছিল।’ এই প্রতিযোগিতা থেকেই বাংলাদেশের মিডিয়া জগতে নতুন এই প্রতিভাময়ীর আবির্ভাব ঘটে। তিনি একে একে কাজ করতে থাকেন টেলিভিশন বিজ্ঞাপনচিত্র, নাটক, টেলিফিল্ম, সিরিয়ালে। এয়ারটেল, রবি, রুচি চানাচুর, আরএফএল, তীর সয়াবিন তেলসহ মোট ছয়টি টেলিভিশন বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন আরিফ খান পরিচালিত নাটক ‘এরোর’, ভারতের টিভি সিরিয়াল ‘রোশনী’সহ আরও কয়েকটি নাটক ও টেলিফিল্মে। কিন্তু তিনি শুধু অভিনয়ে সীমাবদ্ধ থাকেননি। অভিনয়ের পাশাপাশি একসময় উপস্থাপনা করতে শুরু করেন মুন। দর্শক নতুনরূপে আবিষ্কার করেন মুনকে। চ্যানেল টোয়েন্টি ফোরের জন্য নির্মিত ‘আরএফএল হোম মেকার অব দ্য ইয়ার’ অনুষ্ঠানটি দিয়ে উপস্থাপনা ক্যারিয়ার শুরু তার। এই অনুষ্ঠানটিতে উপস্থাপনা করার সুযোগ পেতে তাকে লড়াই করতে হয় ১৩০ জন ছেলে-মেয়ের সাথে। সবাইকে পেছনে ফেলে ২০১৩ সালের ডিসেম্বর মাসে থেকে টানা তিন মাস কাজ করেন এই অনু্ষ্ঠানটিতে। দর্শকরা উপস্থাপক হিসেবে সাদরে গ্রহণ করে তাকে। তাই এরই ধারাবাহিকতায় তিনি উপস্থাপিকা হিসেবে পর্দায় উপস্থিত হন একুশে টিভিতে প্রচারিত ‘ক্লেমন ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট’, বিটিভির জন্য নির্মিত ‘ক্যাম্পাস তারকা’ অনুষ্ঠানে। মুন সর্বশেষ যোগ দেন যমুনা টিভির নিয়মিত অনু্ষ্ঠান ‘শোবিজ টুনাইট’-এ। শোবিজ সংক্রান্ত নানা তথ্য নিয়ে এবং শোবিজের নানা মজার মজার খবর নিয়ে প্রতিদিন তিনি উপস্থিত হন যমুনা টিভির পর্দায়। মডেলিং আর করবেন কিনা এমন প্রশ্নের জবাবে মুন জানালেন, তিনি মডেলিংয়ে স্বাচ্ছ্যন্দবোধ করেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে প্রফেশন হিসেবে মডেলিংকে নেওয়া কষ্টকর। তবে তিনি মাঝে মাঝে মডেলিং চালিয়ে যাবেন। উপস্থাপনাকে তার জন্য আদর্শ পেশা হিসেবে মনে করেন মুন। তিনি চান নিজের উপস্থাপনার মান আরও বৃদ্ধি করতে এবং বাংলাদেশের অন্যতম সেরা উপস্থাপিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে। তবে মনে মনে ভবিষ্যতে ব্যাংকে কাজ করার ইচ্ছাও আছে মুনের। তাইতো স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন তিনি। তাছাড়া এয়ারহোস্টেজ হওয়ার স্বপ্নও মাঝে মাঝে মনে উঁকি দেয় তার। তাই ভবিষ্যতে এই মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকাকে ব্যাংক কর্মকর্তা বা এয়ারহোস্টেজ হিসেবে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।