ভাবের মানুষ

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২০:০৯
নিজেই গান লেখেন নিজেই গানের সুর করেন এবং নিজেই সেই গানে কণ্ঠ দেন। তিনি নিজেকে গায়ক মনে করেন না, মনে করেন শিল্পী। শিল্পের এই শাখাটিকে বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি জানালেন, গান হচ্ছে এমন একটি শিল্প যার মাধ্যমে খুব সহজেই মানুষের মন পর্যন্ত পৌঁছানো যায়। এমনই একজন হচ্ছেন শতাব্দী ভব। তাকে নিয়ে লিখেছেন আহসান রনি তিনি চান নিজের গান দ্বারা মানুষের মনে দাগ কাটতে, মানুষকে তাদের চারপাশের জগতকে ভিন্ন ভাবে দেখাতে। তার নাম ভব হলেও তিনি ভাবের মানুষ। তিনি গান করেন চারপাশের সংঘাত-প্রতিবাদ, সামাজিক, সংস্কৃতিক অবস্থা, রাজনীতি সবকিছু নিয়েই। ভব বলেন, ‘গান করার ক্ষেত্রে শুধু নারী-পুরুষের প্রেমকে নিয়ে আসাকে আমার কাছে মনে হয় শিল্পের অতি ক্ষুদ্র ধারাকে তুলে ধরা। একজন মানুষ যেমন শুধু জুতা পরে বের হলে তাকে সম্পূর্ণ লাগবে না, তেমনি গায়কের উচিত আমাদের চারপাশের সবকিছু নিয়ে গান করা।’ সেই কাজই করে চলেছেন তিনি। তার কাছে কিছু মেসেজ আছে যা তিনি সকলের মধ্যে ছড়িয়ে দিতে চান। মাধ্যম হিসেবে তিনি বেছে নিয়েছেন গানকে। আড্ডায় গান গাইতেন। আড্ডায় যে গানগুলো গাইতেন তা মানুষের মাঝে ছড়াতে থাকে। এমন হয়েছে অনেকে তার গান গাইছেন, কিন্তু জানেন না গানটি কার। তার এমনি একটি গান ‘আমি দেখেছি দুই শূন্য তেরো, দেখিনি একাত্তর’। গানটি শাহবাগ আন্দোলনের সময় খুবই জনপ্রিয় হয়। যেকোনো জায়গায় গান করার সুযোগ পেলেই গান শোনাতেন সবাইকে। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খুলনা, রংপুর, সিরাজগঞ্জসহ বিভিন্ন জায়গায় গান শুনিয়ে নিজের মেসেজ পৌঁছে দিতে চেয়েছেন তিনি। ভিন্ন ধারার শিল্পী হিসেবে তিনি চান মানুষের যাপিত জীবন, চারপাশ, যা আমরা প্রতিনিয়ত দেখি, অনুভব করি; এমন বিষয় নিয়ে গান করতে। ২০১৩ সালের ৩ ডিসেম্বর বের করেন তার গানের অ্যালবাম ‘দ্বাদশ ব্যক্তি’। অ্যালবামে ছিল একটি মাত্র গান। ভব জানালেন, আমাদের দেশে গায়কদের অ্যালবাম দ্বারা বিচার করা হয়। যাদের যত বেশি অ্যালবাম তাদের তত বেশি মূল্য দেওয়া হয়। এই ধারার বিরুদ্ধে এই অ্যালবামটি ছিল তার প্রতিবাদ। তিনি কিছু গান অনলাইনেও প্রকাশ করেছেন। এরকম কিছু গান হলো—দুই শূন্য তের, কবির সুমন, আহারে, চাঁদ, আজ বাংলাদেশের দিন, গোল। সামনে তিনি সড়ক দুর্ঘটনা নিয়ে ‘শূন্য চোখ’ শিরোনামে একটি গান প্রকাশ করবেন বলে জানালেন। একসময় বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন, তাই লেখালেখির অভ্যাসটা রয়ে গেছে তার। ২০১০ সালে প্রকাশিত হয় তার লেখা গানের বই ‘চিরকুটে লেখা গান’ এবং ‘ভব’র ভাবনা’ নামের বইটি বের হয় ২০১২ সালে। সামনের বইমেলায় আসছে তার গানের দ্বিতীয় বই ‘ভব’র গান-২’ এবং একটি উপন্যাস। তার নিজের একটি প্রকাশনাও আছে। নাম ‘শূন্যপ্রকাশ’। গানের পাশাপাশি এই প্রকাশনা থেকে নিজের মতাদর্শী মানুষদের বই বের করছেন তিনি। তার লেখা গানের কথা নিয়ে গান করেছেন অনেকে। এছাড়া তিনি নাটকের স্ক্রিপ্টও লিখছেন। তার লেখা স্ক্রিপ্ট থেকে পরিচালক জাহিদ বানিয়েছেন নাটক ‘সাদাকালো’, তাসলিমা মুক্তা বানিয়েছেন টেলিফিল্ম ‘দেড় নাম্বার’ এবং দেবব্রত রনি বানিয়েছেন ভালোবাসা দিবসের একটি নাটক। ভব জানালেন এই বছরের শেষ দিকেই তিনি তার প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম উপহার দিতে পারবেন দর্শকদের।