পাঁচ কর্মদিবস পর ডিএসইতে আড়াইশ’ কোটি টাকা লেনদেন

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২০:৪৩
গতকাল বুধবার শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। খাদ্য, সিমেন্ট ও ইঞ্জিনিয়ারিং খাতের বড় মূলধনী কোম্পানিগুলোর দর বৃদ্ধিতে শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও গেল অর্থবছরে প্রায় ৯৫ ভাগ এডিপি বাস্তবায়নের খবর বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে ৫ কর্মদিবস পর গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে আড়াইশ’ কোটি টাকার উপরে। আর লেনদেনের প্রায় ৩৭ ভাগই হয়েছে ৫ কোম্পানি ঘিরে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৬ কোটি ৪৫ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৬৩ কোটি ১৮ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২২ কোটি ১৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৯ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ১৯৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের। এদিকে ডিএসই ব্রড ইনডেক্স ও ডিএস-৩০ সূচকে নতুন কোম্পানি সমন্বয় করা হয়েছে। গতকাল ডিএসই এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসএন্ডপি ডো জোন্সের শর্ত পূরণ হওয়ায় মতিন স্পিনিং মিলকে ডিএসই’র ব্রড ইনডেক্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ডিএস-৩০ সূচকে তিনটি কোম্পানি অন্তর্ভুক্ত হয়েছে। ইউনাইটেড এয়ারওয়েজ, উত্তরা ব্যাংক ও আরএন স্পিনিং মিলকে ডিএস-৩০ সূচক থেকে অব্যাহতি দিয়ে ন্যাশনাল ব্যাংক, এসিআই এবং বেক্সিমকো লিমিটেডকে ডিএস-৩০ সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ২০ জুলাই থেকে এ সমন্বয় কার্যকর হবে।