মেক্সিকোর একটি শিশু আশ্রয়কেন্দ্র থেকে পুলিশ সাড়ে চারশ’ শিশুকে উদ্ধার করেছে। উদ্ধারকারী দলের ধারণা, এসব শিশুরা যৌন নির্যাতনের শিকার হতো এবং তাদের দিয়ে রাস্তায় ভিক্ষাবৃত্তি করানো হতো।
মিচোয়াক্যান রাজ্যের জামোরা শহরের বিগ ফ্যামিলি নামের শিশু আশ্রয়কেন্দ্রের মালিক রোজা ডেল কারমেন ভারদুজকোসহ আরো আটজন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত কয়েক বছরের মধ্যে মেক্সিকোর ইতিহাসে শিশু নির্যাতনে এটিই সবচেয়ে বড় ঘটনা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঐ বাড়ি থেকে ২৭৮ জন ছেলে এবং ১৭৪ জন মেয়ে শিশু এবং তিন বছরের কম বয়সের ছয়টি অনাথ শিশুকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৩৮ জন প্রাপ্ত বয়স্ক রয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐ আশ্রয়কেন্দ্রে বসবাসকারীদের অমানবিক পরিবেশে থাকতে বাধ্য করা হতো। স্থানীয় গভর্নর সালভাদোর জারা বলেন, এসব শিশুকে এমন পরিবেশে রাখা হয়েছে যা আমরা কখনো ভাবতেও পারি না। স্থানীয় সাংবাদিকরা জানান, বিগ ফ্যামিলি নামের ঐ আশ্রয় কেন্দ্রটি স্থানীয়ভাবে মামা রোজার বাড়ি বলে পরিচিত। প্রায় চল্লিশ বছর ধরে এই আশ্রয়কেন্দ্রটি পরিচালিত হয়ে আসছে।
