ভালো নাটক এখনও হচ্ছে, আমাদের মনোভাব বদলাতে হবে

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২১:০২
শহীদ আলমগীর। দীর্ঘদিন ধরেই অভিনয়ে প্রাণান্ত এই মানুষটি নিজের ক্যারিয়ারের সমান অবস্থানেই থেকেছেন চিরকাল। একান্তে কাজ করে চলেছেন টিভি মিডিয়ায়। বিনোদন প্রতিদিনের কাছে বললেন নিজের কাজের কথা। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু সবাই তো এখন ঈদের কাজ নিয়ে ব্যস্ত, আপনার ঈদের ব্যস্ততা সম্পর্কে বলুন। রোজার মাসে খুব বেশি কাজ করতে পারিনি। তবে মাইনুল হাসান খোকনের একটি সাত পর্বের ধারাবাহিক নাটক করেছি। ‘দৃশ্য তেইশের ক’ শিরোনামে নাটকটি ঈদে একুশে টিভিতে প্রচার হবে। এছাড়াও দুটি একক নাটকে অভিনয় করলাম। বিটিভির জন্য একটি নাটক ‘তার কেউ নেই’, নাটকটি পরিচালনা করেছে আমিরুল ইসলাম অরুণ। নজরুল খৈয়েশির ‘সৈকত মানুষ’ নামে আরও একটি একক নাটক করলাম। এই ঈদের এখন পর্যন্ত এই তিনটি কাজই করলাম। ঈদে টিভির কোন কোন অনুষ্ঠানগুলোতে অংশ নিচ্ছেন? এই ঈদে আনজাম মাসুদের ‘আনন্দমেলা’ ম্যাগাজিন অনুষ্ঠানে কাজ করলাম। আনজাম মাসুদ বরাবরই ভিন্ন কিছু উপহার দেওয়ার চেষ্টা করে। তার সাথে কাজ করাটা আমার জন্য বিশেষ একটি বিষয়। এছাড়া ইসরাফিল শাহিনের ‘মিডিয়া গসিপ’-এর ঈদ স্পেশালে থাকছি। এখন পর্যন্ত এই অনুষ্ঠানগুলোই করা হয়েছে। সামনে হয়তো আরও করব। ঈদের নাটকের প্রতি দর্শকদের আগ্রহটা আগের মতো কাজ করে না কেন? অনেক কারণ উল্লেখ করার মতো আছে। এত চ্যানেল—কোন নাটক বাদ দিয়ে কোনটা দেখবে। এমনটা হয় তেমনি বিজ্ঞাপনের জ্বালা তো রয়েছে। ঈদের সময় মানুষ কিছুদিন বিশ্রামে থাকে। সেই সময় টিভির সামনে বসে যদি সে বিনোদনের পরিবর্তে বিরক্ত হয় তাহলে তো সে সেই নাটক আর দেখবে না। এছাড়া হাসির নাটক ছিল বিশেষ একটি আকর্ষণ। কিন্তু এখনকার হাসির নাটকগুলো অনেকটা জোর করে হাসানোর পর্যায়ে চলে গেছে। দর্শক তো নাটক ঠিকই দেখতে চায়। এমনকি তারা টিভির সামনে বসে। কিন্তু তাকে ধরে রাখার দায়িত্ব যেমন আমাদের তেমনি চ্যানেলেরও। তবে ভালো নাটক এখনও হচ্ছে। আমাদের মনোভাব বদলাতে হবে। অন্যের সবকিছু ভালো, আমাদেরটা নিম্নমানের এই ধারণা বদলাতে হবে। বড়পর্দায় আপনার কাজ প্রসঙ্গে বলুন? বড়পর্দায় প্রথম কাজ শুরু করব। ইমাদুল হকের চিত্রনাট্য ও নাদের চৌধুরীর পরিচালনায় একটি অনুদানের ছবিতে কাজ করব। এখনও ছবির নাম ঠিক হয়নি। এর আগেও দুটি ছবিতে কাজ করার কথা থাকলেও করা হয়নি। তবে বড় পর্দায় নিয়মিত কাজ করার ইচ্ছা আছে। নিজেকে ঠিকমতো তৈরি করে নিতে চেষ্টা করছি। ঈদের কাজ ছাড়া আপনার অন্যান্য ব্যস্ততা সম্পর্কে বলুন। বেশকিছু ধারাবাহিক নাটকের কাজ করছি। ইতোমধ্যে অনেকগুলো প্রচার শুরু হয়ে গেছে। এর মধ্যে ‘নীল গাঙচিল’, ‘দিওয়ানা’, ‘নজর আলী’, ‘বস’, ‘ঘাটের কথা’, ‘রাইফেল মফিজ’। এই কাজগুলো নিয়ে খুব ভালোই ব্যস্ত সময় কাটছে। এছাড়াও আরও কিছু ধারাবাহিক নাটকে কাজ শুরু করব।